
নিউজ ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে যুবলীগ ও ছাত্রদলনেতাসহ তিনজনের জেল-জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। অপর একজনকে নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ সময় পুলিশ ছাত্রলীগের এক কর্মীকে আটকের পর ছেড়ে দিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশ আটক তিনজনকে শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার শুশান্ত কুমার মাহাতোর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে তিনি এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে উপজেলার বানাইল মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে ও পৌর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রুহুল আমিন জেমি (৩০) কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া উপজেলা যুবলীগের উপ দপ্তর সম্পাদক রোমান খন্দকার (৩০) ও শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসের মাস্টার রোলে কর্মরত অফিস সহকারী জাহাঙ্গীর আলম লিটন (২৫) কে পাঁচহাজার টাকা জরিমানা, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্তিলাভ করেন। এদিকে উপজেলার জয়নাবাজ গ্রামের আজাহার আলীর ছেলে শাহনেওয়াজ মিঠুর (৪৫) কাছ থেকে দুই বোতল ফেনসিডিল উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। রোববার তাদের দুইজনকে জেল-হাজতে পাঠানো হয়।
পুলিশ জানায়, শিবগঞ্জ থানার এসআই হাফিজের নেতৃত্বে শুক্রবার রাত দেড়টার দিকে গোপন সংবাদে পুলিশ শাহনেওয়াজ মিঠুর বাড়িতে অভিযান চালিয়ে ফেনসিডিল বিক্রির অভিযোগে মিঠুকে এবং সেবন করার অভিযোগে ওই তিনজনকে আটক করে এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে। দণ্ডপ্রাপ্ত রুহুল আমিন জেমি নিজেকে নির্দোষ দাবি করে জানান, অভিযানের সময় ওই স্থান থেকে পুলিশ ছাত্রলীগ কর্মী শিবগঞ্জ পৌর এলাকার বন্তেঘরি মহল্লার আজহারের ছেলে তানজিদ রহমান প্লাবনকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়। তবে এই অভিযোগ অস্বীকার করে এসআই হাফিজ বলেন, ঘটনার পর প্লাবনসহ দুই যুবক আটককৃতদের ছাড়িয়ে নেওয়ার তদবির করতে এসেছিল। তাদের গ্রেপ্তারের ভয় দেখানোয় তারা দ্রুত চলে যায়।