News71.com
 Bangladesh
 30 Jan 17, 01:07 PM
 247           
 0
 30 Jan 17, 01:07 PM

দরিদ্র নারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আয় দ্বিগুণ বৃদ্ধি পায় ।।

দরিদ্র নারীদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আয় দ্বিগুণ বৃদ্ধি পায় ।।

 

নিউজ ডেস্কঃ দরিদ্র নারীদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কাজে সম্পৃক্ত করলে আয় প্রায় দ্বিগুণ বাড়ে। ২০১৪ সালে ১৪০০ অবহেলিত ও দুস্থ নারীর ওপর পরিচালিত ব্র্যাকের গবেষণা জরিপে দেখা যায়, যেসব নারীর গড় আয় ২০০০ টাকা ছিল, প্রশিক্ষণ দেওয়ার কারণে ২০১৫ সালে তা বেড়ে গড়ে ৪০০০ টাকায় উন্নীত হয়েছে। শুধু তাই নয়, অনেক নারী হয়েছেন সফল উদ্যোক্তা। আর অর্থনৈতিক সক্ষমতা বাড়ার ফলে পরিবার ও সমাজে তাদের গুরুত্ব অনেকটাই বেড়েছে। একই সঙ্গে বেড়েছে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। গতকাল রবিবার রাজধানীর ব্র্যাক সেন্টারের কনফারেন্স কক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে ‘বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি: কেন জেন্ডার গুরুত্বপূর্ণ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ গবেষণা তথ্য তুলে ধরা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক এ বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহমুদা শারমীন বেনু। বিশেষ অতিথি ছিলেন ডেলিগেশন অফ দি ইউরোপীয় ইউনিয়ন টু বাংলাদেশ-এর হিউম্যান অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট-এর মিনিস্টার কাউন্সিলর ইয়রগেন হেইম্যান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের পরিচালক কেএএম মোর্শেদ। 'নারায়ণগঞ্জে দরিদ্র ও অবহেলিত নারীদের অর্থনৈতিক সক্ষমতা : প্রভাব ও মূল্যায়ন’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তুলে ধরেন ব্র্যাকের গবেষণা ও মূল্যায়ন বিভাগের ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট ইউনিটের সমন্বয়কারী অ্যান্ড্রু জেনকিন্স, একই বিভাগের রিসার্চ অ্যাসোসিয়েট সাফায়েত খান ও রিসার্চ ফেলো ফাতেমা জহুরা খাতুন।

গবেষণা জরিপে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁও, আড়াইহাজার, রূপগঞ্জ-এই তিনটি উপজেলায় ব্র্যাক ২০১৩ সালে ৩৬০০ অবহেলিত ও দুস্থ নারীকে নিয়ে এই প্রকল্প শুরু করে। সেখান থেকে দৈবচয়ন পদ্ধতিতে ১৪০০ নারীর ওপর ২০১৪ সালে গবেষণা জরিপ শুরু করে। শেষ হয় ২০১৫ সালের ডিসেম্বরে। এর মধ্যে ৭০০ জন নারী ব্র্যাক থেকে পার্লার, সবজি চাষ, মোমবাতি তৈরি, কাটিং ও সেলাই কাজ এবং নার্সারিসহ বিভিন্ন কাজের প্রশিক্ষণ গ্রহণ করে। আর ৭০০ নারী কোনোরকম প্রশিক্ষণই পায়নি।

গবেষণা বিশ্লেষণে দেখা যায়, যেসব নারী প্রশিক্ষণ পেয়েছেন তাদের ২০১৪ সালে আয়মূলক কর্মকাণ্ড ছিল ৩২.৪ শতাংশ, ২০১৫ সালে তা বেড়ে ৬১.৮ শতাংশ। আর যারা প্রশিক্ষণ পায়নি তাদের আয়মূলক অংশগ্রহণ ২০১৪ সালে ছিল ৩১.৪ শতাংশ, ২০১৫ সালে তা বেড়েছে মাত্র ৩৮.৪ শতাংশ। গবেষণায় আরো বলা হয়, আয়মূলক কাজ ও আয় বাড়ার পাশাপাশি তাদের বাসার বাইরে গিয়ে চলা ফেরার স্বাধীনতা এক বছরে ৯ শতাংশ বেড়েছে।

মাহমুদা শারমীন বেনু বলেন, ব্র্যাকের এই প্রকল্পের মাধ্যমে নারীরা শুধু স্বাবলম্বী হয়নি বরং তাদের সচেতনতা ও আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে। এই দিকটি লক্ষ্য রেখে আগামীতে সরকার ৪৯১ টি উপজেলায় স্থানীয় প্রয়োজনীয়তার আলোকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে। প্রতিটি ইউনিয়নে ৩০ জন কিশোরী ও ২০ জন কিশোরের সমন্ব্বয়ে মোট ৫০ জন সদস্য নিয়ে দুই বছরের জন্য কিশোরী ক্লাব গঠনের উদ্যোগ নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন