News71.com
 Bangladesh
 30 Jan 17, 07:09 PM
 288           
 0
 30 Jan 17, 07:09 PM

মৃত্যুদণ্ড ২ যাবজ্জীবন ১২ জনের ।।

মৃত্যুদণ্ড ২ যাবজ্জীবন ১২ জনের ।।

নিউজ ডেস্কঃ মৃত মানুষকে জীবিত করা যায় এমন বিশ্বাসে বঙ্গোপসাগরে দুই জেলেকে চুবিয়ে হত্যার দায়ে দুই জনকে ফাঁসি, ১২ জনকে যাবজ্জীবন ও একজনকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু তাহের এ রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের ডেমা-গুলিশাখালী গ্রামের মো. বাবুল মাঝি (৪৫) ও একই গ্রামের মো. রুস্তুম হাওলাদার (৫০)।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— গুলিশখালী গ্রামের ফজলু হাওলাদার, মো. খালেক, মো. মনিরুল ইসলাম, মো. রহিম, মো. বাবুল, কুটি মিয়া, বাদল, মো. হানিফ, মো. বাশার, রিয়াজ গাজী, মো. খোকন, মো. সেন্টু। সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন— বরগুনার পাথরঘাটা উপজেলার মো. হাবিবুর রহমান জমাদ্দার।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি বরগুনার পাথরঘাটা থেকে একটি ট্রলারে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় ১৬ জেলে। সাগরে থাকাকালে কথিত রাসূল মো. হাবিবুর রহমান জমাদ্দারের মাধ্যমে মৃত মানুষকে জীবিত করা যায় এ বিশ্বাসে অন্য আসামিদের সহযোগিতায় আয়নাল (২৪) ও ফারুক (৪০) নামের দুই জেলেকে পানিতে চুবিয়ে হত্যা করে মো. বাবুল মাঝি ও রুস্তুম হাওলাদার।

পরে ট্রলারে থাকা অন্য জেলেদের কাছে এ ঘটনার বর্ণনা শুনে ২০১০ সালের ৬ মার্চ বরগুনা সদর থানায় ১৫ জনকে আসামি করে নিহত আয়নালের বড় ভাই একটি হত্যা মামলা দায়ের করেন। বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আকতারুজ্জামান বাহাদুর বলেন, স্বাক্ষী-প্রমাণের ভিত্তিতে আদালত মামলার রায় প্রদান করেছেন। উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে বলে আশা ব্যাক্ত করেন তিনি। আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট কমল কান্তি দাস ও অ্যাডভোকেট কিছলু তালুকদার। রায়ের পর আইনজীবী কমল কান্তি দাস বলেন, আসামিরা ন্যায়বিচার পাননি। তাই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন