
নিউজ ডেস্কঃ গুলশানের ৪৩ নম্বর সড়কের যে বাড়ির গেটের সামনে থেকে রানীর (৩৫) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়, সে সড়কের পূর্ব মাথার একটি ভবনে বিদেশি নাগরিকদের বসবাস। বাড়িটির উত্তরে আনুমানিক তিনশ' গজ দূরে জার্মানির রাষ্ট্রদূতের বাসভবন। কঠোর নিরাপত্তায় ঘেরা ওই এলাকা। এ ছাড়া পুরো এলাকার সড়কগুলো সিসি ক্যামেরার আওতাধীন। নিরাপত্তাবেষ্টিত এ এলাকায় গুলিবিদ্ধ লাশ- এ নিয়ে বিস্মিত অনেকেই। রানীকে ওই সড়কেই খুন করা হয়েছে, নাকি অন্য কোথাও হত্যার পর গাড়িতে করে এখানে ফেলে রাখা হয়েছে তা এখনও নিশ্চিত নয় পুলিশ। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশের একমাত্র ভরসা সিসি ক্যামেরার ফুটেজ। ফুটেজ সংগ্রহ করে তা পর্যবেক্ষণ করছে পুলিশ। তারা বলছে, সেই গাড়িটি শনাক্ত করতে পারলেই হত্যার রহস্য বেরিয়ে আসবে।
গত শুক্রবার রাতে রাজধানীর গুলশান-২ নম্বরের ৪৩ নম্বর সড়কের ৩৮ নম্বর বাড়ির গেটের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় রানী নামে ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, অনেক আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে- হাসপাতালের রেজিস্টারে এমনটি উল্লেখ করে লাশ মর্গে রেখে আসেন গুলশান থানার এসআই ফারুক আলম। শনিবার ময়নাতদন্তের পর রানীর শরীর থেকে দুটি গুলি পাওয়া যায়। এর পরই পুলিশ নড়েচড়ে বসে। নতুন করে নামে তদন্তে।
পুলিশের গুলশান বিভাগের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, ৪৩ নম্বর সড়কসহ আশপাশের সড়কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করা হচ্ছে। তবে রাত ১২টার আগ থেকে ১টা পর্যন্ত অনেক গাড়ি ওই সড়কে যাতায়াত করেছে। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
গতকাল বেলা ১১টার দিকে ৪৩ নম্বর বাড়িতে গিয়ে কথা হয় নিরাপত্তাকর্মী গোলাম রসুলের সঙ্গে। তিনি জানালেন, তিনিসহ তিনজন শুক্রবার রাতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। আনুমানিক রাত ১২টার দিকে হঠাৎ বাড়ির গেটে একটি গাড়ি ধাক্কা দেয়। শব্দ শুনে দরজার ফাঁক দিয়ে দেখেন, গাড়িটি রাস্তার দিকে মুখ করা। পাশেই রাস্তার ওপর এক নারী অচেতন হয়ে পড়ে আছে। নিমেষেই গাড়িটি ঘুরিয়ে বাড়ির পশ্চিম দিকে চলে যায়। আতঙ্কে তারা গেট না খুলে বাড়ির মধ্যে ঢুকে পড়েন। তবে কোনো গুলির শব্দ শোনা যায়নি বলে জানান তারা। গাড়িটি দেখতে কেমন জানতে চাইলে গোলাম রসুল বলেন, 'প্রাইভেটকারের চেয়ে একটু উঁচু। সম্ভবত রং কালো। গাড়িটি দেখে মনে হয়েছে অনেক দামি।'
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন মিয়া বলেন, কী কারণে ওই নারীকে খুন করা হয়েছে সে তথ্য এখনও পাওয়া যায়নি। নিহতের ভাই মুরাদ হাসান বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামি করে গুলশান থানায় হত্যা মামলা করেছেন।