
নিউজ ডেস্কঃ বাংলাদেশে পাওয়া যায় এমন ঔষধি গুণ সম্পন্ন ভেষজ ও তা থেকে উৎপাদিত পণ্য এখন থেকে রাষ্ট্রের অনুমোদন ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার ও গবেষণা লব্ধ ফলাফল নিজের অধিকারে সংরক্ষণ বা পাচার বা বিদেশে হস্তান্তর করা যাবে না এমন বিধান রেখে ‘বাংলাদেশ জীববৈচিত্র্য বিল ২০১৭’ শীর্ষক আইনটি পাস করেছে। বিধিভঙ্গে পাঁচ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে আইনে। আজ মঙ্গলবার রাতে জাতীয় সংসদের অধিবেশনে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কন্ঠভোটে পাস হয়। আইনে বাংলাদেশে পাওয়া যায় এমন ঔষধি গুণ সম্পন্ন ভেষজের বাণিজ্যিক ব্যবহারের ব্যাখ্যায় বলা হয়েছে, বাণিজ্যিক উদ্দেশ্যে জীব সম্পদের ব্যবহারের মাধ্যমে বিভিন্ন পণ্য তৈরী বা উৎপাদন যেমন, ঔষধ, শিল্পের এনজাইম, খাদ্য ও দেহে ব্যবহার্য সুগন্ধি, রঙ, প্রসাধনীসহ প্রাণীসম্পদের কৌলিগত পরিবর্তনের উদ্দেশ্যে অন্য জীব থেকে নির্যাস বা জীন সংগ্রহ। এ আইনের মাধ্যমে জীব সম্পদের ওপর রাষ্ট্রীয় মালিকানা ও জাতীয় সম্পদ হিসেবে বিপন্ন প্রজাতি সংরক্ষনের অধিকার প্রতিষ্ঠা হবে। ফলে রাষ্ট্রের অনুমোদন ছাড়া এখন থেকে কোন দেশী-বিদেশী ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সংক্রান্ত দেশীয় জ্ঞান বাণিজ্যিকভাবে ব্যবহার ও গবেষনা লব্ধ ফলাফল এককভাবে নিজের অধিকারে সংরক্ষণ বা পাচার বা বিদেশে হস্তান্তর করতে পারবেন না।
এজন্য আপাতত বলবৎ অন্য কোন আইন যা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানবালীকে প্রাধান্য দেওয়া হয়েছে। এছাড়া আইনের অধীনে কৃত কোন অপরাধ বিচারার্থে কোন আদালতে গ্রহণের ক্ষেত্রে শর্তযুক্ত করে কর্তৃপক্ষকে দায় মুক্তি দেয়া হয়েছে। একইসঙ্গে নিত্য-প্রয়োজনীয় ভোগ্যপণ্য হিসেবে বিপণন হয়ে থাকে এমন জীব সম্পদকে এ আইনের আওতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি আইনে রামসার কনভেনশন অনুযায়ী জলাভূমি ঘোষিত এলাকার পরিবেশ ও প্রতিবেশগত বৈশিষ্ট্যসমুহের উপর বিরূপ প্রভাব ফেললে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। একইসঙ্গে সংঘটনের সাথে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ব্যক্তিদের পাঁচ বছরের কারাদন্ড ও ১০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।