News71.com
 Bangladesh
 01 Feb 17, 10:10 PM
 245           
 0
 01 Feb 17, 10:10 PM

কৃষিতে আমদানি-নির্ভরতা কমাতে উৎপাদনে আসছে দুই বন্ধ সার কারখানা ।।

কৃষিতে আমদানি-নির্ভরতা কমাতে উৎপাদনে আসছে দুই বন্ধ সার কারখানা ।।

নিউজ ডেস্কঃ আমদানি-নির্ভরতা কমাতে দেশের বন্ধ কারখানাগুলোতে আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হচ্ছে। দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর উৎপাদনে আসছে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড সিইউএফএল। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ কারখানায় অ্যামোনিয়া ও ১২ ফেব্রুয়ারি থেকে ইউরিয়া উৎপাদন শুরু হবে। এ ছাড়া দীর্ঘ সময় ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও আগামী ৫ ফেব্রুয়ারি উৎপাদনে যাবে।

২০১৫ সালের ৩১ জানুয়ারি ইউরিয়া রিঅ্যাক্টরে যান্ত্রিক ত্রুটির কারণে সিইউএফএলে উৎপাদন বন্ধ হয়েছিল। পরে ইতালিয়ান কোম্পানির মাধ্যমে দু দফা মেরামত শেষে এটি চালু করা হচ্ছে। মেরামতকালে এতে সম্পূর্ণ নতুন কুলিং টাওয়ার প্রতিস্থাপন ও ইউরিয়া রিঅ্যাক্টর রিলাইনিং করা হয়েছে। কারখানাটি চালু হলে দৈনিক দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে। অন্যদিকে গত বছর অক্টোবরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় আশুগঞ্জ সার কারখানা। মেরামতের পর দৈনিক দেড় হাজার মেট্রিক টন উৎপাদন ক্ষমতার এ কারখানা চালু হবে ৫ ফেব্রুয়ারি।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বিসিআইসি জানায় বর্তমানে দেশে ইউরিয়া সারের পর্যাপ্ত মজুত রয়েছে। গতকাল ৩১ জানুয়ারি পর্যন্ত সংস্থাটির বিভিন্ন গুদামে ৮ লাখ ১৩ হাজার ১৬৭ মেট্রিক টন ইউরিয়া সার মজুত রয়েছে। একই সঙ্গে জি টু জি পদ্ধতিতে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে সার আমদানি অব্যাহত রয়েছে। মংলা বন্দরে একটি জাহাজ থেকে সাড়ে ২৭ হাজার মেট্রিক টন ইউরিয়া সার খালাসের কাজ চলছে। এ ছাড়া আরও ৪২ হাজার মেট্রিক টন সার নিয়ে দুটি জাহাজ খালাসের অপেক্ষায় রয়েছে।

পাশাপাশি বর্তমানে বিসিআইসির সার কারখানাগুলোতে প্রতিদিন গড়ে ৫ হাজার মেট্রিক টন সার উৎপাদন অব্যাহত রয়েছে। সিইউএফএল ও আশুগঞ্জ কারখানা উৎপাদনে গেলে দৈনিক আরও তিন হাজার মেট্রিক টন ইউরিয়া পাওয়া যাবে। বিসিআইসি সূত্র জানায়, গত জুন থেকে এ পর্যন্ত ১৩ লাখ ৭৮ হাজার ৬৭০ মেট্রিক টন ইউরিয়া সার চাষিদের মধ্যে বিতরণ করা হয়েছে। দেশে প্রতি বছর প্রায় ২৫ থেকে ২৬ লাখ টন ইউরিয়া সারের চাহিদা রয়েছে। দেশের ৯ কারখানার মাধ্যমে প্রতিদিন গড়ে ৮ হাজার টন সার উৎপাদন সক্ষমতা রয়েছে। পাশাপাশি বাড়তি চাহিদা আমদানির মাধ্যমে মিটছে। এর মধ্যে কাতারের সঙ্গে সরকারি পর্যায়ে প্রতি বছর ৪ লাখ টন সার আমদানির চুক্তি রয়েছে।

চালুর অপেক্ষায় থাকা এই দুই কারখানার বাইরে জামালপুরের যমুনা ফার্টিলাইজার, নরসিংদী ইউরিয়া ফার্টিলাইজার, পলাশ ইউরিয়া ফার্টিলাইজার, সিলেটের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার, চট্টগ্রামের টিএসপি কমপেল্গক্স ও ডিএপি ফার্টিলাইজার কারখানা রয়েছে। এ ছাড়া যৌথভাবে স্থাপিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিও কাফকো সার উৎপাদন করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন