
নিউজ ডেস্কঃ কক্সবাজারের টেকনাফের এক রোহিঙ্গা গৃহবধূ (২৮) ছুরিকাঘাতে খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে টেকনাফের হ্নীলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর স্বামী প্রবাসী। তাঁর মেয়ে ও দুই ছেলে আছে। স্থানীয় ও পুলিশ সূত্র বলছে, বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন। নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে এইচ ব্লকের ব্যবস্থাপনা কমিটির সভাপতি (মাঝি) আব্দুস সালাম বলেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা ওই নারীর স্বামী বিদেশ যাওয়ার পর থেকে স্থানীয় এক ব্যক্তি নিহত গৃহবধূর পরিবারকে সহযোগিতা করতেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কয়েকবার গন্ডগোলও হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোহিঙ্গা শিবির ও শিবিরের ইনচার্জের কাছে একাধিকবার বৈঠকও হয়েছিল।
গতকাল বুধবার রাতে নিহত গৃহবধূর সঙ্গে তাঁকে সহায়তাকারী ব্যক্তির পরিবারের কথা-কাটাকাটি ও ঝগড়া-বিবাদ সৃষ্টি হয়। ওই ব্যক্তির ছোট ভাই মোহাম্মদ ইয়াছিন ক্ষুব্ধ হয়ে সকালে গৃহবধূর ঘরে ঢুকে তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন গৃহবধূকে উদ্ধার করে শরণার্থী শিবিরের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ওই নারীর বুকে দুটি ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সহকারী সচিব ও নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবিরে নয়াপাড়া ক্যাম্প ইনর্চাজ সাইফুল ইসলাম বলেন, পরকীয়ার ঘটনায় ওই গৃহবধূ খুন হয়েছেন প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল মজিদ বলেন, ঘটনার পর সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। ওই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পলাতক রয়েছেন। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি মামলার প্রক্রিয়া চলছে।