
নিউজ ডেস্ক; ভ্যাট ফাঁকি দেওয়া প্রতিষ্ঠানের তালিকা করতে কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বকেয়া ভ্যাট আদায়ে নিবিড় তদারকি করতে প্রত্যেক ভ্যাট কমিশনারেটে পৃথক মনিটরিং সেল গঠন করা হবে। গত মঙ্গলবার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অনুষ্ঠিত এক বৈঠকে সংশ্লিষ্টদের এ নির্দেশ দেওয়া হয়। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ দেশের সব ভ্যাট কমিশনার উপস্থিত ছিলেন। চলতি অর্থবছরে ভ্যাট আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬৬ হাজার কোটি টাকা।
বৈঠক সূত্রে জানা গেছে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে কম ভ্যাট আদায় হয়েছে। এ জন্য বৈঠকে ভ্যাট আদায়ে পিছিয়ে থাকার কারণ জানতে চাওয়া হয়েছে কমিশনারদের কাছে। একজন ভ্যাট কমিশনার বলেন, অনেক প্রতিষ্ঠানের ভালো ব্যবসা হলেও তারা ঠিকমতো ভ্যাট দিচ্ছে না। বেশি ভ্যাট আদায় করতে হলে ওইসব প্রতিষ্ঠানে গিয়ে তাদের কেনাবেচার রসিদ দেখতে হবে। এ কাজ করতে গেলে ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে নানাভাবে বাধা আসবে। কারণে-অকারণে ঘুষের অভিযোগ উঠবে কর্মকর্তাদের বিরুদ্ধে। এ জন্য এনবিআরের পূর্ণ সমর্থন চেয়েছেন ভ্যাট কর্মকর্তারা। জবাবে এনবিআর চেয়ারম্যান কর্মকর্তাদের নির্ভয়ে কাজ করতে বলেন।
তিনি বলেন, ফাঁকিবাজদের তালিকা তৈরি করে এনবিআরে পাঠান। তবে কাউকে অযথা হয়রানি করা যাবে না।
মাঠ পর্যায়ের কর্মকর্তারা জানান, হোটেল-রেস্তোরাঁ, গেস্ট হাউস, মিস্টির দোকান, ডিপার্টমেন্টাল স্টোরসহ সেবা খাতের অনেক ব্যবসা প্রতিষ্ঠান যে পরিমাণ বিক্রি করে তার চেয়ে অনেক কম হিসাব দেখায়। লেনদেনের রেকর্ড না থাকায় এসব খাতে বিপুল পরিমাণ ভ্যাট ফাঁকি হচ্ছে। এনবিআর থেকে বলা হয়েছে, যেসব খাতে বেশি ফাঁকি হচ্ছে, তাদের তালিকা তৈরি করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে। নীতি নির্ধারক পর্যায়ের এক কর্মকর্তা বলেন, স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (ভ্যাট) আদায় বাড়াতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদারকি কার্যক্রম জোরদার করতে প্রত্যেক কমিশনারেট অফিসে আলাদা মনিটরিং সেল গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব উদ্যোগ যথাযথভাবে কার্যকর হলে নির্ধারিত লক্ষ্যমাত্রা আদায় না করতে পারলেও কাছাকাছি পর্যন্ত পৌছানো যাবে।