News71.com
 Bangladesh
 03 Feb 17, 01:59 PM
 334           
 0
 03 Feb 17, 01:59 PM

ডাক্তার স্বল্পতা, ওষুধ সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার

ডাক্তার স্বল্পতা, ওষুধ সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার

সনজিৎ সরকার উজ্জ্বল: ডাক্তারের স্বল্পতা , ওষুধ সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জড়িত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার। রাতে তেমন থাকেন না কোনো দায়িত্বরত চিকিৎসক। ফলে চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় রোগীদের। এসব বিষয়ে উদাসীন কর্তৃপক্ষ। কোনো মাথাব্যাথা নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এক প্রকার উদাসীনতা আর গড়িমসিতেই চলছে মেডিকেল সেন্টারটি।

সরেজমিনে মেডিকেল সেন্টার ঘুরে দেখা গেছে, নানা অবহেলার চিত্র। সামনের কক্ষে ডাক্তারের চেম্বার কিন্তু দেড় ঘন্টা যাবত ডাক্তার নেই। এমনকি পাশের কক্ষেও নেই কোনো ডাক্তার। মেডিকেলের বারান্ধায় চার থেকে পাঁচজন জন রোগী লাইন ধরে দাঁড়িয়ে আছেন ডাক্তার দেখানোর জন্য। কিছুক্ষণ অপেক্ষার পর রোগীদের কাছ থেকে পাওয়া গেল ডাক্তার না থাকার আক্ষেপ । কয়েকজন রোগী জানালেন দু’দিন ধরে এসেও বিনাচিকিৎসায় ফিরে যাচ্ছেন তারা। সময়মতো ডাক্তার নেই কেন খোঁজ নিয়ে জানা গেল ডাক্তার প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এছাড়াও প্রয়োজনের তুলনায় কম লোকবলের কারণে পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মেডিকেলের জরুরী ওয়ার্ডে কক্ষের ভিতরের অবস্থা খুবই নাজুক। এছাড়া জরুরী রোগীদের চিকিৎসা প্রদানের জন্য বেড়ের সংখ্যা খুবই সীমিত। রোগীদের অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয়, বসার তেমন কোনো সুব্যবস্থা নেই।

অপরদিকে চিকিৎসা সেবা প্রদানের জন্য যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলোরও বেহাল দশা। সার্বক্ষণিক রোগী পরিবহনের জন্য তিনটি অ্যাম্বুলেন্স মধ্যে একটি বিকল অপর দুইটি সচল। প্রাথমিক চিকিৎসাসেবা ও রোগ নির্ণয়ের জন্য নেই পর্যাপ্ত যন্ত্রপাতি। ল্যাব, প্যাথলজি, টেকনোলজি বিভাগের লোকবলের সাথে অভাব উন্নত যন্ত্রপাতির। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা সেবা প্রদানে বেগ পেতে হচ্ছে মেডিকেল সেন্টার কর্তৃপক্ষকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মেডিকেল সেন্টারটি প্রথমে আল বেরুণী হলের সিঁড়ির নিচে স্থাপন করা হয়। পরে এটি ঐ হল নির্মাণের সময় ঠিকাদারদের থাকার জন্য নির্মিত রুমে স্থানান্তর করা হয়। পরবর্তীতে একই স্থানে আরো দুটি রুম বাড়িয়ে চিকিৎসা সেবা চলতে থাকে। ১৯৭৪ সালে মেডিকেল সেন্টারটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। বর্তমান মেডিকেল সেন্টারের ১৬ রুম বিশিষ্ট নতুন ভবনটি উদ্বোধন করা হয় ২০১৪ সালে সেপ্টেম্বর মাসে।

মেডিকেল সেন্টারের লোকবল: দশজন স্থায়ী ডাক্তার থাকার কথা থাকলেও একজন অবসর এবং আরেকজন ছুটিতে থাকার দরুণ বর্তমানে আট জন ডাক্তার চিকিৎসাসেবা প্রদান করছেন। অস্থায়ী ভিত্তিতে রাতে চিকিৎসাসেবা প্রদানের জন্য রয়েছে সাতজন ডাক্তার। ফার্মাসিস্ট ছয় জন ; তারা সকাল-বিকেল-রাত তিন শিফটে কাজ করে থাকেন। এছাড়াও চার জন নার্স, দুই জন প্যাথলজি টেকনোলজিস্ট এবং একজন ল্যাব সহকারী, একজন স্টোর কিপার এবং তিন জন ক্লিনার রয়েছে, এর মধ্যে একজন অস্থায়ী। আর অফিস কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে তিন জন কর্মকর্তা।

বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৪,০০০ শিক্ষার্থী অধ্যয়নরত এবং ৬৮১ জন শিক্ষক পাঠদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন এবং ১৬৯৪ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত আছেন। এর বিপরীতে ২০১৬-১৭ অর্থবছরে ওষুধ, ড্রেসিং দ্রব্যাদি, যন্ত্রপাতি ক্রয়ের জন্য মেডিকেল সেন্টারকে ১৮ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে, যেকোনো রোগের জন্য কেবল নাপা-প্যারাসিটামল ওষুধ দেওয়া হয়। এছাড়াও রোগ নির্ণয়ের মান নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন।

মেডিকেল সেন্টারের নানাবিধ সমস্যা সম্পর্কে প্রধান মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোজেজা জহুরার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “ লোকবলের সংকট রয়েছে একথা সত্য। আমরা চিকিৎসাসেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছি। এই বাজেটে পর্যাপ্ত ওষুধ, উন্নত যন্ত্রপাতি ক্রয় করা সম্ভব হচ্ছে না। আমরা জরুরী ভিত্তিতে প্রশাসনের নিকট দু’জন ডাক্তার চেয়েছি। ২০০৯ সালের পর মেডিকেল সেন্টারে কোনো ডাক্তার নিয়োগ হয়নি। প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল সেন্টারকে নতুন একটি অ্যাম্বুলেন্স দেওয়া হচ্ছে। প্রশাসনের আরেকটু সহযোগিতা পেলে জাবি মেডিকেল সেন্টার সেবাদানের পরিধি আরো বাড়াতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন