
আন্তর্জাতিক ডেস্কঃ গত অক্টোবর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর অত্যাচার-নিপীড়ন ও সহিংসতার ভয়ংকর সব সাক্ষ্য প্রকাশ করেছে জাতিসংঘ। আজ শুক্রবার প্রকাশ করা এই প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তর বলেছে, রাখাইনে যা ঘটছে তা মানবতাবিরোধী অপরাধ এবং সম্ভবত জাতিগত নির্মুলের চেষ্টা।
এক রোহিঙ্গা নারী জাতিসংঘের তদন্ত কর্মকর্তাদের জানান কিভাবে তার ৮ মাসের শিশুকে গলাকেটে হত্যা করেছে সেনারা। আরেকজন জানান, তাকে যখন ধর্ষণের চেষ্টা করা হচ্ছিল, তখন তার পাঁচ বছর বয়সী মেয়ে এসে রক্ষা করার চেষ্টা করে। এ সময় হামলাকারীদের একজন তার মেয়েকে গলা কেটে হত্যা করে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জায়িদ রা'দ আল হোসেন এক বিবৃতিতে জানান, রোহিঙ্গা শিশুদের প্রতি এই সহিংসতা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা মুসলিম মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে। "এলাকা খালিকরণ অপারেশনে" শত শত মানুষ মারা পড়ছে। এদের মধ্যে অনেকেই মারা গেছেন হেলিকপ্টার থেকে গুলি ও গ্রেনেড মারার ফলে। প্রমাণ পাওয়া যাচ্ছে যে, যে কোনো পরিবারের অন্তত একজন নিহত বা নিখোঁজ হয়েছেন, যেখানে ১০১ জন নারী সাক্ষ্য দিয়েছেন যে তারা ধর্ষিত বা যৌন হয়রানির শিকার হয়েছেন। এসব সহিংসতা হয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রাখাইন রাজ্যে এক বিরাট দমন অভিযান শুরু করার পর। এক হামলায় তিনটি সীমান্ত ফাঁড়িতে ৯ জন পুলিশ সদস্য নিহত হওয়ার পর এ অভিযান শুরু হয়।