
নিউজ ডেস্কঃ দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যার ঘটনায় নিখোঁজ রয়েছেন পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু। তার গুলিতে আহত ওই সাংবাদিক গতকাল শুক্রবার মারা যাওয়ার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে।
সূত্র জানিয়েছে, মেয়র মীরু আত্মগোপনে চলে গেছেন। এরপর থেকেই তার বেশির ভাগ সমর্থক ও আত্মীয়স্বজন এলাকা ছেড়ে পালিয়ে গেছে। পৌর এলাকার কোথাও তাদের দেখা যাচ্ছে না। মীরুর মুঠোফোনটিও বন্ধ রয়েছে। তার বাড়িতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আজ শনিবার বেলা ১১টার আগে শিমুলের জানাজায় এসে সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) হাসিবুর রহমান স্বপন বলেন, দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল নিহত হয়েছেন পৌর মেয়র হালিমুল হক মীরুর গুলিতে। এ খবর পাওয়ার পর পুলিশের সহায়তায় পালিয়েছেন মীরু। এমপি বলেন, বৃহস্পতিবার পুলিশ উপস্থিত থাকার পরও গুলিবর্ষণ হয়েছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। গতকাল শুক্রবার বিকেলে নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে যান সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ। সে সময় তিনি পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেন।
তবে স্থানীয় সাংবাদিককদের অভিযোগ, আজ শুক্রবার দুপুরে শিমুলের মৃত্যুর খবর পাওয়ার পর মেয়র পুলিশের সহায়তায় নিরাপদ স্থানে আত্মগোপন করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার না করে পালিয়ে যেতে সহায়তা করেছে।
এ বিষয়ে নিহত শিমুলের ভাই আজাদ হোসেন বলেন, সংঘর্ষের ছবি তুলতে গেলে মেয়র মীরু পরিকল্পিতভাবে শিমুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আমরা মেয়র মীরু ও তার দুই ভাই পিন্টু ও মিন্টুর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, শিমুলের মৃত্যুর পর থেকেই মেয়র মীরুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সাংবাদিক শিমুল হত্যার ঘটনায় গতকাল শুক্রবার রাতে তার স্ত্রী নুরুন নাহার (৩৮) বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু, তার ভাই মিন্টু, সাবেক কাউন্সিলর পিজুস ও আওয়ামী লীগ নেতা নাসিরসহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করে মামলা করেন তিনি। ইতিমধ্যে পৌর মেয়রের দুই ভাই পিন্টু ও মিন্টু আটক করেছে পুলিশ।