
নিউজ ডেস্কঃ সংযোগ দিতে গ্রাহক হয়রানি বন্ধ করতে পল্লীবিদ্যুতের কর্মকতাদের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, 'পদ্ধতি সহজ করে দ্রুত বিদ্যুৎ দিতে হবে। আবাসিক সংযোগ এক দিনের মধ্যে এবং শিল্প সংযোগ ২৮ দিনের কম সময়ে দিতে হবে। সংযোগের জন্য অপ্রয়োজনীয় কাগজ-পত্র চেয়ে গ্রাহকদের হয়রানি করা যাবে না। দ্রুত বিদ্যুৎ দিতে প্রয়োজনে গ্রাহকের মালিকানা দলিলের পরিবর্তে জাতীয় পরিচয় পত্র দিয়েও সংযোগ দেওয়া যাবে।'
আজ শনিবার রাজধানীতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সম্মেলন কক্ষে পল্লীবিদ্যুৎ সমিতিগুলোর মহাব্যবস্থাপকদের (জিএম) বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মহাব্যবস্থাপকরা বলেন, '২০১৫ সালে বিদ্যুতের দাম বাড়ানোর সময় পাইকারি মূল্য ও সঞ্চালন মাশুল বাড়ানো হলেও সে তুলনায় আরইবির গ্রাহক পর্যায়ে দাম খুব বেশি বৃদ্ধি করা হয়নি। ফলে অধিকাংশ সমিতি লোকসানে পড়েছে। অনেক সমিতি কর্মীদের বেতন-ভাতা দিতে পারছে না। গ্র্যাচুইটি ফান্ডসহ বিভিন্ন তহবিল ভেঙ্গে চলতে হচ্ছে।'
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, 'আরইবিকে লাভজনক করার জন্য প্রতিষ্ঠা করা হয়নি। কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে লোকসান হলেও জনগণের সুবিধার কথা বিবেচনায় রাখতে হবে। তিনি বলেন, লোকসান কমানোর জন্য ট্যারিফ বাড়ানোর কথা বলা হচ্ছে। কিন্তু ট্যারিফ বৃদ্ধি যুক্তিযুক্ত কোনো সমাধান নয়। বরং সিস্টেম লস কমাতে হবে। কারণ সিস্টেম লস কমলে লোকসান কমে রাজস্ব বৃদ্ধি পাবে।'
আরইবির সদস্য (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ সচিব ড. আহমেদ কায়কাউস, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন বক্তব্য রাখেন। আরইবির ৭৯টি সমিতির মহাব্যবস্থাপকদের নিয়ে তিন দিনের এই সম্মেলন গতকাল শুক্রবার শুরু হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, 'সংযোগ প্রদানের ক্ষেত্রে দুর্নীতি অনেকাংশে কমে এলেও তা শেষ হয়ে যায়নি। আরও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।' অনুষ্ঠানে সেরা মহাব্যবস্থাপক হিসেবে মানিকগঞ্জ-১-এর জিএম ওবায়দুর রহমান এবং সেরা প্রকল্প পরিচালক হিসেবে আবদুর রহিম মল্লিক পুরস্কৃত হন।