
নিউজ ডেস্কঃ রিদোয়ানের পর বড়দের দ্বন্দ্বের জেরে এবার বলি হলো ১০ মাসের শিশু মোহনা। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় মাটিতে আছড়ে ফেলে শিশুটিকে হত্যা করা হয়েছে। নিষ্পাপ শিশুদের এই হত্যা প্রমাণ করে যে সমাজে মূল্যবোধের অবক্ষয়, মানবিক দৃষ্টিভঙ্গির অবনতির পাশাপাশি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্বেগজনক অবনতি ঘটেছে। গতকাল শনিবার প্রকাশিত খবর অনুযায়ী, মোহনা ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের দিঘিরপাড় গ্রামের মুসা মিয়া ও শিরিনা বেগমের সন্তান ছিল। মুসা মিয়ার সঙ্গে সমবায় সমিতির টাকা নিয়ে চাচাতো ভাই জাহাঙ্গীরের বিরোধ ছিল। এর জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মুসা মিয়ার বাড়িতে তাঁর সঙ্গে জাহাঙ্গীর ও তার বাবা রব্বানীর ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে আতঙ্কে মুসার স্ত্রী শিরিনা কোলের শিশুকে নিয়ে দৌড়ে পালাতে গেলে রব্বানী শিশুটিকে শিরিনার কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দেন। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
এই জঘন্য হৃদয়হীন ও অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিপক্ষকে ঘায়েল করার এ কেমন পন্থা? যে শিশুটি এই পৃথিবীর আলো-বাতাসও ঠিকমতো গ্রহণ করার সুযোগ পেল না, সে কেন অন্যের প্রতিহিংসার শিকার হবে? গত সপ্তাহে বাবার সঙ্গে প্রতিবেশীর জমি নিয়ে বিরোধের জেরে খুন হয় ১১ বছরের শিশু রিদোয়ান। এ ছাড়া আরও অনেক শিশু এভাবে বড়দের দ্বন্দ্ব-কলহের জেরে খুন হয়েছে। সম্পত্তির হিস্যা নিয়ে আত্মীয়ের মধ্যে বিবাদ, পারিবারিক বিরোধ, ব্যবসায়িক বিরোধসহ নানা কারণে খুন হচ্ছে নিষ্পাপ শিশুরা। জিঘাংসার বলি এসব শিশুর বাবা-মাকে কী বলে আমরা সান্ত্বনা দেব?
শিশুহত্যার ঘটনায় মামলা হয়। কিছু কিছু ক্ষেত্রে এর বিচারের নজির থাকলেও সামগ্রিকভাবে বিচার ও শাস্তি নিশ্চিত করার বিষয়টি যথেষ্ট জোরালো নয়। শিশুহত্যার ঘটনা অব্যাহতভাবে ঘটে চলার পেছনে এটাই বড় কারণ। শিশু মোহনা, রিদোয়ানসহ সব শিশু হত্যাকারীকে বিচারের মুখোমুখি করে তাদের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে কোনো গাফিলতি আমরা দেখতে চাই না।