News71.com
 Bangladesh
 05 Feb 17, 01:32 PM
 221           
 0
 05 Feb 17, 01:32 PM

জেএমবির বড় হুজুর কে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে । ।

জেএমবির বড় হুজুর কে গ্রেফতারে পুলিশী অভিযান চলছে । ।

নিউজ ডেস্কঃ তার নাম মুফতি মাওলানা শায়খ আবুল কাশেম। জেএমবির আধ্যাত্মিক নেতা হিসেবে পরিচিত। সংগঠনের নেতাকর্মীরা তাকে 'বড় হুজুর' বলে সম্বোধন করে। পুরনো ও নব্য জেএমবির মধ্যে যোগসূত্র তৈরি করতে বহুবার চেষ্টা করেছিলেন তিনি। তার দেশত্যাগ ঠেকাতে এরই মধ্যে বিমানবন্দর ও সীমান্তে সতর্কবার্তা পাঠানো হয়েছে। একাধিক আস্তানায় চালানো হয়েছে অভিযানও। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মুফতি মাওলানা আবুল কাশেমকে গ্রেফতারে একাধিক টিম কাজ করছে। গ্রেফতার জঙ্গি নেতা রাজীব গান্ধীর জবানবন্দিতে মুফতি মাওলানা আবুল কাশেমের নাম এসেছে।


জানা গেছে, নব্য জেএমবির শীর্ষ নেতা তামিম চৌধুরী ২০১৩ সালে বাংলাদেশে আসার পর ২০১৪ সালের শুরুর দিকে মুফতি মাওলানা আবুল কাশেমের সঙ্গে বৈঠক করে। তার গ্রামের বাড়ি উত্তরাঞ্চলে। কল্যাণপুরের জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত আবদুল্লাহ জেএমবি নেতা তামিম চৌধুরীকে মুফতি মাওলানা আবুল কাশেমের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তার সঙ্গে তামিম চৌধুরীর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ওকরাবাড়ি মাদ্রাসায়। কাশেমের কাছে তার পরিকল্পনা জানায় তামিম। এর পরই কাশেম সংগঠনের আধ্যাত্মিক নেতা হিসেবে যোগ দিতে রাজি হন। তিনি জেএমবির পুরনো নেতা সুলতান মাস্টার, সারোয়ার জাহান ওরফে মানিক ওরফে নয়ন, রিপনসহ অন্য নেতাদের তামিম চৌধুরীর সঙ্গে কাজ করার নির্দেশ দেন। এর পরই শুরু হয় নতুন ধারার জেএমবির যাত্রা। পরে আবুল কাশেমকে ঢাকায়ও আনা হয়। গাইবান্ধার চরাঞ্চলে জঙ্গিদের যে প্রশিক্ষণ কেন্দ্র ছিল সেখানেও তিনি নতুন জঙ্গিদের মগজধোলাই করতে কয়েক দফা বয়ান দিয়েছেন।


২০১৫ সালের অক্টোবর থেকে রাজধানীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় একের পর এক জঙ্গি হামলা শুরু হলে তদন্তকালে পুলিশ মুফতি মাওলানা আবুল কাশেমের একটি ছদ্মনাম জানতে পারে। তিনি দিনাজপুরের চিরির বন্দরের রানীর বন্দরে ওকরাবাড়ি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। ছয় মাস ধরে তিনি 'আত্মগোপনে' রয়েছেন। জঙ্গিবাদে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে আবুল কাশেম একাধিক বই লিখেছেন। তিনি ২০০৫ সালের ১৭ আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার সময় জেএমবির সঙ্গে যুক্ত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন