
সাইফ উল্লাহ, প্রতিনিধি, (সুনামগঞ্জ): দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ডলুরা শুল্কস্টেশন কার্যক্রম। মঙ্গলবার ডলুরা সীমান্তে দুই দেশের সরকারি প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, প্রশাসনের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সমন্বয়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ফলপ্রসূ আলোচনার পর আগামী ১৫ ফেব্র“য়ারি একই স্থানে দুই দেশের প্রতিনিধিদের সভা আহ্বান করা হয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরই শুল্কস্টেশন চালুর মাধ্যমে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। প্রথমে চলতি নদীপথে আমদানি-রপ্তানি পণ্য সরবরাহ করা হবে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্স সূত্রে জানা যায়, উত্তরপূর্ব ভারত ও বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ব্যবসায়িক উন্নয়নের জন্য ১৯৯৬ সালে ভারতের শিলংয়ে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ও শিলং চেম্বার অব কমার্স ডলুরাকে শুল্ক স্টেশন করতে প্রথমে এক বৈঠকে মিলিত হয়। এরপর জাতীয় রাজস্ব বোর্ড ১৯৯৯ সালের ৩১ জানুয়ারি ডলুরা শুল্ক স্টেশন এক বছরের জন্য পরীক্ষামূলক চালুর জন্য প্রজ্ঞাপন জারি করে। পরের বছরই ভারত সরকার অজ্ঞাত কারণে স্টেশনটি বন্ধের আদেশ জারি করে। ২০০০ সালের ২৬ মার্চ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স আবারো ভারত সরকারের কাছে শুল্ক স্টেশনটি চালুর জন্য লিখিত অনুরোধ জানায়। একই বছরের ১১ এপ্রিল তৎকালীন এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু ভারতের ফেডারেশন অব ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট বরাবরে পত্র লিখে ডলুরা শুল্ক স্টেশন চালুর বিশেষ অনুরোধ জানান। পরে ভারত সরকার ফের স্টেশন চালুর অনুমতি দেয়।এদিকে প্রথম দফা স্টেশন চালুর পরই বাংলাদেশ ভারতের আমদানিকারক ও রপ্তানিকারকদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক ঐক্যমতে পৌঁছতেই নির্দিষ্ট সময় চলে যাওয়ায় বাংলাদেশ সরকার ২০০০ সালের ২২ মে এবং পরবর্তী আরো এক বছরের জন্য শুল্ক স্টেশন চালুর আদেশ বহাল রাখে। এভাবে রাজস্ব বোর্ড তিন দফা চালুর সিদ্ধান্ত বহাল রাখে। পরে ২০০২ সাল থেকে স্টেশনটি বন্ধ হয়ে যায়।জানা গেছে, দ্বিতীয় দফা অনুমোদনের পরই ভারত সরকার বালাট এলাকায় রাস্তঘাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে। অপরদিকে বাংলাদেশ সরকার শুল্ক স্টেশনের অবকাঠামোর কাজে পিছিয়ে থাকে। ফলে এখন পর্যন্ত শুল্ক স্টেশনের অফিস ও সরকারি কর্মকর্তাদের রেস্ট হাউজ নির্মাণসহ রাস্তাঘাটের উন্নয়ন কাজ হয়নি। বাংলাদেশে মাত্র ১৫ কি.মি. রাস্তার শুল্কস্টেশন কাঠামোরূপে উন্নতি না হওয়ায় রাজস্ব বোর্ড ২০১০ সালের মে মাসে স্টেশনটি চালু সম্ভব নয় বলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের স্টেশন চালুর আবেদন নাকচ করে দেয়। জাতীয় রাজস্ব বোর্ড মালামাল পরিবহনের জন্য সুনামগঞ্জ-ডলুরা শুল্ক স্টেশনের যে ১৫ কি.মি. রাস্তার কয়েক কি.মি. অনুপযুক্ত বলে আবেদন নাকচ করে দেওয়া হয়েছে তা এলজিইডি থেকে সড়ক ও জনপথ বিভাগে নেওয়ার কাজ শুরু করার পরামর্শ দেয়া হয়। ২০১০ সালের নভেম্বর মাসে সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর এ বিষয়ে আবেদন পাঠায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স। তৎকালীন স্থানীয় সংসদ সদস্য স্টেশনের সম্ভাবনার কথা উল্লেখ করে রাস্তা সম্প্রসারণের জন্য একটি ডিও লেটারে এই সড়ককে এলজিইডি থেকে সড়ক ও জনপথে নিতে অনুরোধ জানিয়েছিলেন।এতকিছুর পরও ওই সময় জাতীয় রাজস্ব বোর্ড স্টেশন চালুর আবেদনকে নাকচ করে দিলে ২০১০
সালের ২৪ জুলাই সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ীদের এক সমাবেশে রাজস্ব বোর্ডের আবেদনটি বিবেচনার জন্য শেখ হাসিনার তৎকালীন বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমনাকে অবগত করা হয়। এভাবে দীর্ঘদিন ধরে স্টেশনটি চালুর জন্য সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ও শীর্ষ ব্যবসায়ীরা নানাভাবে আবেদন-নিবেদন করে আসছেন। গত বছর ভারতের সহকারি হাই কমিশনার সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসলে সেখানেও ব্যবসায়ী সমাজ ও সুধীজন ডলুরা শুল্কস্টেশন চালুর জন্য
তাকে বিশেষ অনুরোধ জানান। স্টেশনটি চালুর সম্ভাবনার কথা জানিয়ে পাবলিক সার্ভিস কমিশনের সচিব ড. মোহাম্মদ সাদিক জাতীয় রাজস্ববোর্ড চেয়ারম্যানকেও একটি ডিও লেটার দিয়েছিলেন। এদিকে গত ১১ জানুয়ারি কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার ডলুরা শুল্কস্টেশন পুনরায় চালুর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের এক চিঠির আলোকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতিকে একটি পত্র দেয়। ওই পত্রে জাতীয় রাজস্ব বোর্ড, সরকার, শুল্ক, আবগারি ও মুসক কমিশনারেট আন্তর্দেশীয় বাণিজ্যের ক্ষেত্রে ডলুরা স্থল শুল্কস্টেশন সম্ভাবনাময় বলে জানায়।
এই লক্ষ্যে দাফতরিক কার্যক্রম ও বিশেষ পরিকল্পনার কথাও জানানো হয় ওই পত্রে। ডলুরা স্থল শুল্কস্টেশনটির বিপরীতে বালাটের স্থল শুল্কস্টেশন চালুকরণের বিষয়টি গত বছরের ৮-৯ জুন ভারতে অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্র“প অন ট্রেইড এর সভায় আলোচনা হয়। ওই বৈঠকে ভারতীয় কর্তৃপক্ষ স্টেশন চালুর লক্ষ্যে স্থল বন্দর কর্তৃপক্ষ, নৌপরিবহন কর্তৃপক্ষ ও স্থানীয় সরকার বিভাগের সাথে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এর আলোকে গত ২৫ জানুয়ারি কমিশনার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার এর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সকে জরুরি ভিত্তিতে দুটি আন্তর্দেশীয় সভা ও শুল্ক অফিস কার্যক্রম পরিচালনার জন্য ঘর তৈরির আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতেই গতকাল মঙ্গলবার দু’দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ডলুরা জিরো পয়েন্টে সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্টেশন চালুর ব্যাপারে আগামী ১৬ ফেব্র“য়ারি ফের সভার সিদ্ধান্ত হয়।সবকিছু ঠিক থাকলে আগামী ৩-৪ মাসের মধ্যেই স্টেশনটি চালু হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। গতকালের আন্তঃদেশীয় বৈঠকে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ কাস্টম, এক্সাইজ ও ভ্যাট ডিভিশনের সহকারি কমিশনার সোহেল রানা, সুনামগঞ্জ রেভিনিউ ডেপুটি কালেক্টর প্রশান্ত কুমার বিশ্বাস, কাস্টম ভ্যাট সুনামগঞ্জ দক্ষিণ সার্কেলের সহকারি রাজস্ব কর্মকর্তা অঞ্জন কুমার বালা, তাহিরপুরের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খসরুল আলম, বিশিষ্ট কয়লা আমাদানিকারক ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক খন্দকার মঞ্জুর আহমেদ, জেলা যুবলীগের সদস্য নুরুল ইসলাম বজলু, সীতেশ তালুকদার মঞ্জু, সাংবাদিক লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ সদর ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মো. কামাল হোসেন, সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আতিকুর রহমান, ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বালাট এলাকার ভাওয়ালের রাজা শ্রী কে. এন, বালাট জেলার কাস্টম সুপার এস লালো, কলকাতার বিশিষ্ট
আমদানি ও রপ্তানিকারক ভগবতি প্রাসাদ সুরেকা (বিপি সুরেকা) ও মেহেস জানাল। সভায় বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা উপস্থিত ছিলেন।সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট ব্যবসায়ী সজীব রঞ্জন দাশ বলেন, সুনামগঞ্জের অন্য ৬টি শুল্ক স্টেশনের মধ্যে অবকাঠামো ও মালামাল পরিবহনের জন্য ডলুরা স্টেশনটির সম্ভাবনা বেশি ও সহজলভ্য। এখানে স্টেশন হলে কম খরচে ব্যবসায়ীরা সড়ক ও নদীপথে মালামাল আমদানি-রপ্তানির সুন্দর পাবেন। ডলুরা শুল্ক স্টেশন চালু হলে বাংলাদেশ থেকে ভারতের
আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল, মিজোরামমনিপুর সহ ৭টি প্রদেশে সহজে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। এতে লাভবান হবে বাংলাদেশ। তাছাড়া স্থানীয় জনগোষ্ঠীরও কর্মসংস্থানের বিরাট সুযোগ সৃষ্টি হবে।চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, গতকালের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আশা করা যাচ্ছে ২-৩ মাসের মধ্যেই স্টেশনটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। প্রথমে চলতি নদীপথে পণ্য পরিবহন করা হবে। এ নিয়ে আগামী ১৬ ফেব্র“য়ারি আবারও আমরা বৈঠকে বসব।