News71.com
 Bangladesh
 05 Feb 17, 11:26 PM
 242           
 0
 05 Feb 17, 11:26 PM

সিভিল সার্জনের জিম্মায় নাটোরের কিডনি চুরির সঙ্গে জড়িত থাকা ডাক্তার । ।

সিভিল সার্জনের জিম্মায় নাটোরের কিডনি চুরির সঙ্গে জড়িত থাকা ডাক্তার । ।

 

নিউজ ডেস্কঃ চিকিৎসক প্রতিনিধি ও ক্লিনিক মালিকদের নানা দেনবারের পর নাটোরে রোগীর কিডনি চুরির অভিযোগে আটক সেই চিকিৎসককে তিন দিনের হেফজতে নিয়েছে জেলা সিভিল সার্জন। শুক্রবার রাত ১০টার দিকে সিভিল সার্জনের পক্ষে নাটোর সদর থানা থেকে অভিযুক্ত রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. এমএ হান্নানকে ছাড়িয়ে নেন নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আবুল কালাম আজাদ। এছাড়া আগামী তিনদিনের মধ্যে মেডিকেল বোর্ড গঠন করে ভুক্তভোগী রোগী আসমা বেগমের কিডনি অনুসন্ধানে সব দায়িত্বও নিয়েছেন তিনি।

অপরদিকে, তিনদিনের মধ্যে কিডনি অনুসন্ধান করতে না পারলে আইনি ব্যবস্থা নেয়া হবে মর্মে থানায় লিখিত ডায়েরি করেছেন ভুক্তভোগীর স্বামী ফজলু বিশ্বাস। অপরদিকে ঘটনা জানাজানির পর থেকেই রোগী ও তার স্বজনদের ম্যানেজ করতে নানা তৎপরতা শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। দফারফা করতে রোগীর স্বজনদের ২০ লাখ টাকার প্রস্তাব দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, চিকিৎসকের বিরুদ্ধে লিখিত কোনো অভিযোগ না থাকায় সদর হাসপাতালের আরএমও-এর জিম্মায় চিকিৎসককে ছেড়ে দেয়া হয়েছে। যদি তিনদিনের মধ্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষায় কিডনি না থাকার বিষয়টি ধরা পড়ে অভিযোগ দিলেই তাকে গ্রেপ্তার করা হবে। এ বিষয়ে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিসক ডা. আবুল কালাম আজাদ বলেন, আসমা বেগমের পরিবার ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে নাটোর হাসপাতালে আলোচনা শেষে সিদ্ধান্ত হয় অন্য কোনো ক্লিনিকে অথবা হাসপাতালে আইভিউ পরীক্ষা করা হবে। প্রয়োজনে জনসেবা হাসপাতাল কর্তৃপক্ষ সে ব্যয়ভার বহন করবে। অথবা রোগীর অভিভাবকরা অন্য কোথাও পুনরায় টেস্ট করাবে। টেস্টে কিডনি নেই প্রমাণিত হলে ফৌজদারি বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। এ কারণে সিভিল সার্জনের পক্ষ থেকে রাত ১০টার দিকে তিনি নিজে জিম্মা নিয়ে চিকিৎসক ডা. এমএ হান্নানকে ছাড়িয়ে নেয়া হয়েছে। এ সময় বিএমএ, সাচিব ও ক্লিনিক মালিক অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।   

এদিকে ভুক্তভোগী বর্তমানে তার নিজ বাড়ি সিংড়া উপজেলার ছোটচৌগ্রামে অবস্থান করছে। আজ রোববার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষা করানোর জন্য রোগী আসমা বেগমকে রাজশাহীতে নেয়া হবে। এ বিষয়ে ভুক্তভোগীর স্বামী ফজলু বিশ্বাস বলেন, রোগীর সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের পরই আইনি ব্যবস্থা নেয়া হবে।

তবে তিনি অভিযোগ করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করছে। এছাড়া পরীক্ষা-নিরীক্ষা তাদের পক্ষ আসবে না আশঙ্কা করছেন তিনি। এদিকে শুক্রবার রাতে সরেজমিনে থানায় গিয়ে হাসপাতালের পলাতক পরিচালক রফিকুল ইসলামকে রোগীর স্বজনদের ম্যানেজে নানা তৎপরতায় ব্যস্ত থাকতে দেখা যায়। রোগী আসমা বেগমের ছেলে রবিউল ইসলাম এই প্রতিবেদককে বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বিষয়টি মীমাংসা করার জন্য ২০ লাখ টাকার প্রস্তাব দিয়েছেন। তবে তারা তা অস্বীকার করে এর সুষ্ঠু তদন্ত দাবি করেছেন। রবিউল বলেন, তার মা-ই যদি সুস্থ না হয় টাকা দিয়ে তারা কী করবেন; টাকার বিনিময়ে তারা তাদের মাকে বিক্রি করতে পারবেন না। আর কোনো সন্তানের মা যেন এমন ষড়যন্ত্রের শিকার না হন সে জন্য হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি তার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন