News71.com
 Bangladesh
 06 Feb 17, 12:10 PM
 198           
 0
 06 Feb 17, 12:10 PM

গোবিন্দগঞ্জে সাঁওতালরা আতঙ্কে থাকলেও দাবিতে সোচ্চার ।। 

গোবিন্দগঞ্জে সাঁওতালরা আতঙ্কে থাকলেও দাবিতে সোচ্চার ।। 

 

নিউজ ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইক্ষু খামারের জমিতে বসতি গড়ে তোলা সাঁওতালদের ওপর হামলা, উচ্ছেদ, অগি্নসংযোগ, লুটপাটের ঘটনার তিন মাস পূর্ণ হচ্ছে আজ সোমবার। কিন্তু সাঁওতালদের দাবির বিষয়টির সুরাহা হয়নি। ফলে সাঁওতালদের মনে এখনও অজানা আতঙ্ক রয়ে গেছে। গত বছরের ৬ নভেম্বর চিনিকলের জমিতে আখ কাটা নিয়ে পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ হয়। এতে তিন সাঁওতাল নিহত হয়। ওই দিনের ঘটনা এখনও ভুলতে পারেনি সাঁওতালরা। ঘটনার পর মাদারপুর ও জয়পুরপাড়া সাঁওতালপল্লীতে আশ্রয় নেয় ক্ষতিগ্রস্ত চার শতাধিক পরিবার। সেখানে অনেকে এখনও খোলা আকাশের নিচে খড়ের ঘর, ছাপড়া, ত্রিপল (তাঁবু), কলাপাতার ঘরের নিচে দিন কাটাচ্ছে। ঘটনার সুষ্ঠু বিচার ও বাপদাদার জমি ফেরত পাওয়ার দাবিতে সাঁওতালরা এখনও অনড়। হামলা-আগুন ও লুটপাটের ঘটনায় সাঁওতালদের পক্ষে গোবিন্দগঞ্জ থানায় দুটি মামলা হয়। এতে স্থানীয় সংসদ সদস্য, ইউএনও, ইউপি চেয়ারম্যান, চিনিকলের এমডিসহ ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়। কিন্তু তিন মাসেও ধরা পড়েনি মূল অভিযুক্তরা। তবে উচ্চ আদালতের নির্দেশে গঠিত বিচার বিভাগীয় তদন্ত দল তাদের কাজ অব্যাহত রেখেছে। গাইবান্ধার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শহিদুল্লাহ সরেজমিনে গিয়ে তদন্ত করছেন। কয়েক দফায় তিনি মাদারপুর ও জয়পুরপাড়ায় গিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত সাঁওতাল সম্প্রদায়ের লোকজন, চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারদের সঙ্গে কথা বলেন।

সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহসভাপতি ফিলিমন বাস্কে বলেন, তিন মাসেও তাদের দাবির বিষয়টির কোনো সুরাহা না হওয়ায় সাঁওতালদের মনে অজানা আতঙ্ক রয়ে গেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, হামলার ঘটনায় সাঁওতালতের পক্ষে দায়ের করা মামলা ও পুলিশের মামলার তদন্ত চলছে। জেলা প্রশাসনের একটি সূত্র জানায়, ১৯৬২ সালে রংপুর চিনিকল প্রতিষ্ঠার সময় গোবিন্দগঞ্জে সাঁওতাল ও স্থানীয়দের জমি অধিগ্রহণ করা হয়েছিল। সাঁওতালদের দাবি, যদি এসব জমিতে আখ চাষের আর প্রয়োজন না হয় বা অন্য কোনো ফসল চাষাবাদ করা হয়, তবে তারা তাদের জমি ফেরত পাবে। এ শর্ত সাপেক্ষে সেখানে এক হাজার ৮৪২ দশমিক ৩০ একর জমি অধিগ্রহণ করে পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশন। এর পর ২০০৪ সালে বিরাষ্ট্রীয়করণ নীতিমালার আওতায় রংপুর চিনিকল সরকার লে-অফ ঘোষণা করলে জমি ফেরত পাওয়ার দাবি জানায় সাঁওতালরা। তবে চিনিকলটি ২০০৬ সালে আবার চালু করা হলে কিছুদিন থেমে থাকে আন্দোলন। পরবর্তী সময়ে রংপুর চিনিকল লোকসান দিতে থাকলে এ ক্ষতি পুষিয়ে নিতে সে সময় চিনিকলের প্রায় ৮০০ একর জমি লিজ দেওয়া হয়। প্রভাবশালী লিজগ্রহীতারা এ শর্ত ভঙ্গ করে ৮০ শতাংশ জমিতে আখ চাষের বদলে অন্য ফসল ও শস্য চাষ শুরু করে। এর ফলেই সাঁওতালদের জমির দাবিতে আন্দোলন জোরদার হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন