
নিউজ ডেস্কঃ কাশ্মির সংহতি দিবসে ঢাকায় পাকিস্তানের শিক্ষা প্রতিমন্ত্রী মুহাম্মদ বালিগ উর রেহমান বলেছেন, জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তকে অবজ্ঞা করে ভারত সম্পূর্ণ গায়ের জোরে কাশ্মিরের স্বাধীনতাকামী মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাচ্ছে। তারা সেখানে মানবাধিকার লঙ্ঘন করছে দীর্ঘকাল ধরে। বিশ্বের শান্তিকামী মানুষদের উচিত কাশ্মিরের জনগণের পাশে দাঁড়ানো। ৫ ফেব্রুয়ারি কাশ্মির সংহতি দিবস পালন উপলক্ষে গতকাল ঢাকার পাকিস্তান হাইকমিশনে এক অনুষ্ঠানে দেশটির শিক্ষাপ্রতিমন্ত্রী এ কথা বলেন। এ সময় ঢাকার পাকিস্তান হাইকমিশনার রাফিউজ্জামান সিদ্দিকীও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত, আইসিআরসির প্রতিনিধি, সৌদি আরব ও তুরস্কের দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
আলোচকরা বলেন, পাকিস্তান, আজাদ জম্মু ও কাশ্মিরের জনগণে গত ১৯৯০ সাল থেকে ৫ ফেব্রুয়ারিকে কাশ্মির সংহতি দিবস পালন করে আসছে। কাশ্মিরে ভয়াবহভাবে মানবাধিকার লঙ্ঘন করছে ভারত। নির্বিচারে কাশ্মিরের স্বাধীনতাকামী মানুষকে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুরাও ভারতের নিরাপত্তাবাহিনীর নির্যাতনের শিকার। কাশ্মিরীদের দমনের নামে ভারতীয় নিরাপত্তাবাহিনী বর্বর কমকাণ্ড চালাচ্ছে। ভারত জাতিসঙ্ঘের প্রস্তাবনাকে অবজ্ঞা করছে। জাতিসঙ্ঘের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মির বিরোধের নিষ্পত্তি করা না হলে এই অঞ্চলে শান্তির সম্ভাবনা দূরাশা হয়ে থাকবে।
সঙ্ঘাতমুক্ত কাশ্মির গড়তে জাতিসঙ্ঘকে এগিয়ে আসার আহ্বান
সঙ্ঘাতমুক্ত কাশ্মির প্রতিষ্ঠার জন্য জাতিসঙ্ঘকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। গতকাল রাজধানীর সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রসপারিটি সোসাইটি-এসএওয়াইপিপিএস সেন্টারে ‘কাশ্মিরে মানবাধিকার ইস্যু যুব সমাজের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে। বৈঠকে সভাপতিত্ব করেন এসএওয়াইপিপিএস’র চেয়ারম্যান এন এম সাজ্জাদুল হক। এতে প্রধান বক্তা হিসেবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা ইসলাম বলেন, ভারতের উচিত অনতিবিলম্বে আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্টের অধীনে সশস্ত্র বাহিনী কর্তৃক কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা। এটি শুধু কাশ্মিরের যুব সমাজকে ভীত করছে না; বরং তাদের দৃষ্টিতে ভারতকে নিন্দার পাত্রে পরিণত করছে। যুদ্ধরত সৈন্যদের বোঝা উচিত সশস্ত্র সঙ্ঘাত কোনো সমাধান কিংবা স্বাধীনতা কোনোটাই এনে দিতে পারে না। ভারতীয় সৈন্যদের উপলব্ধি করা উচিত যে নির্মমতা, পাশবিকতা কখনোই হৃদয় জয় করতে পারে না।
তিনি বলেন, সংশ্লিষ্ট সরকার এবং রাজনীতিবিদদের উচিত এমন একটি সমাধান খুঁজে বের করা, যা কাশ্মিরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এবং মানবাধিকার সংরণ করবে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে কাশ্মির সমস্যার সমাধানে একযোগে কাজ করতে হবে এবং ভারতীয় প্রশাসনকে বুলেট ব্যবহার বন্ধ করতে হবে, যা কাশ্মিরিদের অন্ধ করে দিচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক মো: সাইফ বলেন, কাশ্মিরকে ভারতের একটি প্রদেশ এবং ভারতীয় ইউনিয়নের একটি অখণ্ড অংশ হিসেবে ঘোষণা দিয়ে বিল পাসের কারণে ১৯৬৪ সালের ৫ ফেব্রুয়ারি ভারতের জন্য একটি কালো দিবস হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ১৯৪৭ সালের ২৭ অক্টোবর থেকে ভারত ক্রমাগত কাশ্মিরের অধিবাসীদের মৌলিক অধিকার হরণ করে চলেছে। এই একবিংশ শতাব্দীতে যখন সমগ্র বিশ্ব মানবাধিকার সংরণের বিষয়ে অনেক বেশি সচেতন ও সক্রিয়, তখন ভারতের এভাবে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করে যাওয়া কোনোভাবেই কাম্য নয়।
প্রতিষ্ঠানটির গবেষক জুনাইদ আল মামুন বলেন, কারফিউ, অবৈধ আটক, খুন, পরিকল্পিত হত্যা, অবরোধ, বসতবাড়িতে আগুন, নির্যাতন, গুম, ধর্ষণ, মুসলিম নারীদের ওপর নির্যাতন এবং নকল এনকাউন্টারের মাধ্যমে হত্যা কাশ্মিরে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে উঠেছে। ১৯৮৯ সাল থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি নিরীহ কাশ্মিরি প্রাণ হারিয়েছেন; ৬,৯৬৯ জনের অধিককে জেলহাজতে হত্যা করা হয়েছে; গ্রেফতার করা হয়েছে প্রায় দুই লাখ কাশ্মিরিকে, লক্ষাধিক বাড়ি ধ্বংস করা হয়েছে। ভারতীয় নিরাপত্তা বাহিনী বর্বরোচিতভাবে ১০৭, ৩৫১ জন শিশুকে পিতৃহীন করেছে, বিধবা করেছে ২২,৭২৮ জনের অধিক নারীকে এবং গণধর্ষণ করেছে প্রায় ১০ হাজার নারীকে। এ হত্যা ও নির্যাতন বন্ধের জন্য তিনি আন্তর্জাতিক সুশীল সমাজ এবং জাতিসঙ্ঘের জরুরি হস্তপে কামনা করেন।