
নিউজ ডেস্কঃ দশ লাখ টাকা ঘুষ নিয়ে জমি দখলের অভিযোগে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মামলা হয়েছে। আজ সোমবার নগরীর সিএন্ডবি রোড এলাকার বাসিন্দা আবু সাইদ খলিফার স্ত্রী নিলুফা বেগম এ মামলা করেন। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনোয়ারুল হক মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল আঞ্চলিক কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেন। আসামিরা হলেন— কোতোয়ালী থানার এসআই মামুন, ভূমিদস্যু নগরীর সিএন্ডবি রোডের বাসিন্দা ডা. আনোয়ারুল্লাহ, তার স্ত্রী রহিমা বেগম, স্থানীয় বাসিন্দা মুকিব হোসেন ও জামালউদ্দীন ইউসুফ। মামলায় সাক্ষী করা হয়েছে উপ-পুলিশ কমিশনার আব্দুর রউফ খান, কোতোয়ালী থানার ওসি (তদন্ত) আতাউর রহমান, এসআই ওহাব, স্থানীয় রেহানাসহ ১০ জনকে।
মামলার এজাহার থেকে জানা গেছে, বাদী তার পিতার মৃত্যুর পর ৭ শতাংশ জমি ভোগদখল করে আসছিলেন। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা। গত এক বছর ধরে পার্শ্ববর্তী আনোয়ার উল্লাহর দৃষ্টি পড়ে ওই জমির উপর। তাদের সেখান থেকে সরে যেতে ওসি আওলাদ প্রস্তাব দেয়। কিন্তু সে প্রস্তাবে রাজি হয়নি তারা। এ কারণে প্রতিনিয়ত স্থানীয় সন্ত্রাসী তাদের উপর হামলা চালাতে থাকে। এ নিয়ে গত বছর ২১ মার্চ আদালতে মামলা দায়ের করা হলে দুই তরফা শুনানি পর্যন্ত স্থিতি জারির নির্দেশ দেয়া হয়। কিন্তু ভূমিদস্যু আনোয়ারের ক্যাডার বাহিনী পুলিশের সহায়তায় গত ২২ জানুয়ারি রাতে ওই জমিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর চালায়।
এরপর গত ২৫ জানুয়ারি আসামি ওসি আওলাদ হোসেনের অফিস কক্ষে ১০ লাখ টাকার বিনিময়ে সম্পত্তি ছেড়ে চলে যাওয়ার প্রস্তাব দেয়া হয় বাদীকে। বাদী রাজি না হওয়ায় আসামি ওসি সিংহের মত হুংকার দিয়ে ওঠেন। ভূমিদস্যুদের বলেন, ১০ লাখ টাকা আমাকে (ওসি) দেন, দেখেন আমি ওসি কি করতে পারি। ওসি হলো বড়ো রংবাজ। পুলিশ পাড়ে না এমন কোন কাজ নেই। আগামীকাল সকালে ওদের তাড়াইয়া আপনাকে বসাইয়া দেব। তার ওই বক্তব্য অডিও রেকর্ডিং আছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। এরপর ভূমিদস্যুদের দেয়া নগদ ১০ লাখ টাকা ওসির তার টেবিলের ড্রয়ারে রাখেন। এরপর বাদী বিষয়টি উপ-পুলিশ কমিশনার আব্দুর রউফকে অবহিত করেন। তখন উপ-পুলিশ কমিশনার ওসি ও এসআইকে আদালতের নির্দেশের প্রতি সম্মান দেখানোর নির্দেশ দেন।