
নিউজ ডেস্কঃ রাজধানীর নন্দীপাড়া ত্রিমোহিনী খাল এলাকায় অভিযান চালিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) স্থানীয় জেলা পরিষদ মার্কেটসহ দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। ঢাকা জেলা প্রশাসন ও ঢাকা ওয়াসার সহযোগিতায় গতকাল সোমবার দুপুর প্রায় সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে ডিএসসিসির তিনটি পে-লোডার, তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। পুলিশ-র্যাব ছাড়াও সিটি করপোরেশনের নিরাপত্তারক্ষী ও শ্রমিকেরা এই অভিযানে অংশ নেন। অভিযানে এলাকাবাসী স্বতঃস্ফূর্ত সাড়া দেয়। নন্দীপাড়া থেকে ত্রিমোহনী সেতু পর্যন্ত খালের জায়গায় গড়ে উঠেছিল ২২২টির মতো অবৈধ স্থাপনা। এর মধ্যে নন্দীপাড়া বাজারের কাছে গড়ে ওঠা জেলা পরিষদ মার্কেটে (নন্দীপাড়া বাণিজ্যিক বিপণি) ছিল ৫২টি দোকান। অভিযান হতে পারে, এমন খবরে মার্কেটের অর্ধেকের বেশি দোকানের মালামাল আগেই সরিয়ে নেন দোকানিরা।
জেলা পরিষদ মার্কেটের সামনে গড়ে ওঠা কাঁচাবাজারও উচ্ছেদ করা হয়। এখানে ছিল ৪০টির মতো দোকান। জানা যায়, জেলা পরিষদ মার্কেটের কিছু প্রভাবশালী নেতার সহায়তায় মার্কেটের সামনে সড়কের ওপর এই কাঁচাবাজার তৈরি হয়। কাঁচাবাজারের দোকান থেকে নিয়মিত চাঁদাও নেওয়া হতো। পাকা মার্কেট এবং কাঁচাবাজারের কারণে শুধু খাল নয়, সড়কের ড্রেনেজ লাইনও বন্ধ হয়ে যায়। এতে সামান্য বৃষ্টি হলেই এলাকার রাস্তাঘাট ডুবে যেত।
জেলা পরিষদ মার্কেটের কয়েকজন দোকানি অবশ্য অভিযোগ করেন, উচ্ছেদ কার্যক্রম চালানোর আগে তাঁদের কোনো নোটিশ করা হয়নি। এমনকি সময়ও দেওয়া হয়নি। তবে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, যথাসময়েই নোটিশ করা হয়েছে। যার জন্য কিছু দোকানি নিজেদের উদ্যোগে স্থাপনা অপসারণ ও মালামাল সরিয়েও নেন। নন্দীপাড়া কালভার্ট এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন গতকালের অভিযানের উদ্বোধন করেন। এ সময়ে তিনি বলেন, ঢাকার খালগুলো ভরাট ও অবৈধ দখলের কবলে পড়ে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। এর ফলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে নগরবাসীকে মুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, গুটিকয়েক মানুষের লাভের জন্য লাখ লাখ নগরবাসীর জীবন অতিষ্ঠ হতে দেওয়া হবে না। অভিযানে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, প্রধান সম্পত্তি কর্মকর্তা কামরুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসন ও ডিএসসিসির ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।