News71.com
 Bangladesh
 07 Feb 17, 02:27 PM
 236           
 0
 07 Feb 17, 02:27 PM

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে কাঙ্খিত তিস্তা চুক্তির পাশাপাশি গঙ্গা ব্যারাজ চুক্তি বিশেষ গুরুত্ব পাবে

প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে কাঙ্খিত তিস্তা চুক্তির পাশাপাশি গঙ্গা ব্যারাজ চুক্তি বিশেষ গুরুত্ব পাবে

নিউজ ডেস্ক :  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির পাশাপাশি গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেবে বাংলাদেশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে তিস্তা চুক্তি বিষয়ে চূড়ান্ত কিছু অর্জনের সম্ভাবনা নিয়ে এখনও আশাবাদী নয় বাংলাদেশ। এ অবস্থায় গঙ্গা ব্যারাজ বাস্তবায়নকে অগ্রাধিকার দিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফরে আলোচনা করা হবে। আশা করা হচ্ছে, এ সফর থেকেই দীর্ঘ প্রতীক্ষিত গঙ্গা ব্যারাজ প্রকল্প বাস্তবায়নে যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, তিস্তার চেয়ে 'গঙ্গা ব্যারাজ' নির্মাণ চুক্তির বিষয়ে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তিনি মনে করেন, ভারতের সঙ্গে তিস্তা চুক্তি সই করা, না করা সমান কথা। পানি যা আসার আসছে। বর্তমান প্রেক্ষাপটে গঙ্গা ব্যারাজ চুক্তি হলে বেশি লাভবান হবে বাংলাদেশ। এরই মধ্যে গঙ্গা বাঁধের কারিগরি ও আইনগত সহায়তার বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। একই সঙ্গে সম্ভাবনার ক্ষেত্রগুলো চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।

১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া হয় গঙ্গা ব্যারাজ প্রকল্প। বিএনপি-জামায়াত সরকারের আমলে প্রকল্পটিকে গুরুত্বহীন করে রাখা হয় এবং পরবর্তী সময়ে ভারতের সঙ্গে এ নিয়ে আলোচনায় দীর্ঘসূত্রতার সৃষ্টি হয়। গত অক্টোবরে এ নিয়ে মিজোরামে বাংলাদেশ-ভারত সেমিনারে আলোচনার পর বাঁধ নির্মাণে সহায়তা দিতে ইতিবাচক মনোভাব দেখিয়েছে ভারত। গঙ্গা ব্যারাজ প্রকল্প এখন যে অবস্থায় :১৯৯৭ সালে প্রকল্পটি গ্রহণের পর সম্ভাব্যতা যাচাইয়ের শেষ পর্যায়ে ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসে। পরে আলোচনা আর এগোয়নি। ২০০৯ সালে আবারও ক্ষমতায় এসে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার আলোচনা নতুন করে শুরু করে। রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর থেকে পাবনার সুজানগরের সাতবাড়িয়া পর্যন্ত ২ দশমিক ১ কিলোমিটার এলাকাজুড়ে এই বাঁধ নির্মাণের প্রকল্প নেওয়া হয়। বাঁধ এলাকা বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ৮২ কিলোমিটার দূরে অবস্থিত। এই বাঁধে পানি ধারণ ক্ষমতা হবে ২৯০ কোটি কিউবিক লিটার। বাঁধ এলাকায় গভীরতা হবে ১২ দশমিক ৫ মিটার।

এ ব্যারাজ নির্মাণের উদ্দেশ্য হচ্ছে, বর্ষায় পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে নদীতে প্রবাহিত করার মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানিতে লবণাক্ততা কমানো। এর ফলে এ এলাকায় পদ্মার সেসব শাখা নদী শুষ্ক মৌসুমে নাব্য হারায় সেগুলো নাব্য ফিরে পাবে। শুষ্ক মৌসুমে ১৯ জেলায় সেচ সুবিধাও নিশ্চিত হবে। এ ছাড়া এ প্রকল্প থেকে জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সূত্র জানায়, এ ব্যারাজ নির্মাণে ব্যয় ধরা হবে ৩৩ হাজার কোটি টাকা। এ প্রকল্পে ভারতকেও অংশীদার করতে চায় বাংলাদেশ। ২০১৫ সালে এ প্রকল্পের প্রাক-সম্ভাব্যতা যাচাই প্রতিবেদনসহ বিস্তারিত তথ্য ভারতের কাছে পাঠানো হয়। সে সময় ভারত জানায়, তাদের বিশেষজ্ঞরা মূল্যায়ন করে দেখবেন এ ব্যারাজ নির্মাণের ফলে ভারতের অংশে কী ধরনের প্রভাব পড়বে। পরে তারা মতামত দেবেন। গত অক্টোবর মাসে এ নিয়ে ভারতের মিজোরামে সেমিনার অনুষ্ঠিত হয়। সেখানে বিস্তারিত আলোচনার পর ভারতের বিশেষজ্ঞরাও মত দেন বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়ন হতে পারে। এর ফলে ভারতের অংশে কোনো বিরূপ প্রভাব পড়বে না। পরে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সঙ্গে যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রস্তাব দেওয়া হয়। এ ব্যাপারে সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে চালানো আলোচনা অনেকটাই ইতিবাচক। ভারতের কেউ কেউ আশঙ্কা করছেন এ বাঁধ নির্মাণ হলে বর্ষায় পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নিম্নাঞ্চল বেশি প্লাবিত হবে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান আরও বলেন, গঙ্গা বাঁধ চুক্তি সই করার এখনি উপযুক্ত সময়। ভারতে নরেন্দ্র মোদি সরকারের বর্তমানে যে জনপ্রিয়তা রয়েছে, ভবিষ্যতে তা নাও থাকতে পারে। নরেন্দ্র মোদির আমলে চুক্তি না করতে পারলে এটা নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, নিজেদের অগ্রাধিকার আগে ঠিক করতে হবে। তারপর কার্যকর ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, গঙ্গা ব্যারাজ চুক্তি হলে অর্থায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। বিশ্বব্যাংক ও ভারত এ প্রকল্পে অর্থ দিতে আগ্রহ প্রকাশ করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তিস্তার পানি বণ্টন চুক্তি করতে দিলি্লর প্রতি ঢাকার চাপ বাড়ানো হয়েছে। বিষয়টি নিয়ে নিয়মিত বিভিন্ন পর্যায়ে ভারতের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে তিস্তার মূল উৎপত্তিস্থল সিকিম থেকে প্রবাহিত হওয়ার পথে একাধিক জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কারণে পশ্চিমবঙ্গে পানিপ্রবাহ কমে যাওয়ায় জটিলতা সৃষ্টি হয়েছে। পশ্চিমবঙ্গে পানিপ্রবাহ পর্যাপ্ত হলেই কেবল রাজ্য সরকার বাংলাদেশের সঙ্গে চুক্তিতে আগ্রহী। পশ্চিমবঙ্গ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের ওপর চাপ দিচ্ছে এ নিয়ে রাজ্যগুলোর মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার জন্য। প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে সব জট কাটিয়ে তিস্তা চুক্তির ব্যাপারে ইতিবাচক অগ্রগতির জন্য নানাভাবে চেষ্টা হচ্ছে। তবে এখন পর্যন্ত আশাবাদী হওয়ার যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে না। ভারতের কাছ থেকে এ ব্যাপারে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না। কিছুদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর ভারত সফর অনুষ্ঠিত হবে। এখনও আশা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর সফরের তারিখ চূড়ান্ত হওয়ার আগেই এ ব্যাপারে ভারত স্পষ্ট ও ইতিবাচক কিছু জানাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন