News71.com
 Bangladesh
 28 Mar 16, 11:26 AM
 705           
 0
 28 Mar 16, 11:26 AM

রাজধানীতে পাসপোর্ট আটক করে মানব পাচার মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করায় ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ।।

রাজধানীতে পাসপোর্ট আটক করে মানব পাচার মামলার ভয় দেখিয়ে টাকা আদায় করায় ২ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ।।

নিউজ ডেস্কঃ রাজধানী শেরেবাংলানগর থানায় এক ট্রাভেল এজেন্সির তিন কর্মকর্তাসহ পাসপোর্ট আটক করে টাকা আদায়ের অভিযোগে দুই পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন এসআই দেবাশীষ রায় ও এএসআই শফিয়ার রহমান। গত শনিবার রাতে তাদের বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য দুই সদস্যের একটি বিভাগীয় তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

শেরেবাংলানগর থানার ওসি গোপাল গণেশ বিশ্বাস জানান গত শনিবার বিকাল ৪টায় শেরেবাংলানগর থানাধীন ইন্দিরা রোডের একটি ট্রাভেল এজেন্সিতে অভিযান চালায় শেরেবাংলানগর থানাধীন পুলিশের একটি টহল দল। ওই দলের  দায়িত্বে ছিলেন এসআই দেবাশীষ রায় ও এএসআই শফিয়ার রহমান। সেখান থেকে ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৫টি পাসপোর্ট ও ৫ বান্ডিল নথিপত্র উদ্ধার করা হয়। এসময় ওই তিনজনকে থানায় নিয়ে আসা হয় এবং তাদের হাজতখানায় রাখা হয়।

আটকের খবর পেয়ে ওই তিনজনের স্বজনেরা থানায় আসেন। আটককৃত তিনজনকে মানবপাচার আইনের মামলায় চালান দেয়া হবে বলে তাদের স্বজনদের জানায় এসআই দেবাশীষ ও এএসআই শফিয়ার রহমান। তবে ৩ লাখ টাকা দিলে তাদের ছেড়ে দেয়া হবে বলে তাদের স্বজনদের বলা হয়। স্বজনরা ওই দুই পুলিশ সদস্যকে বলে, তাদের কাছে এতো টাকা নেই। তখন উভয় পক্ষের মধ্যে দুই দফায় টাকা দেয়ার চুক্তি হয়।

প্রথমে ৭৫ হাজার টাকা পরে বাকি টাকা দেয়া হবে। ভিকটিমের পক্ষ থেকে ৭৫ হাজার টাকা দেয়া হলে তাদের থানাহাজত থেকে ছেড়ে দেয়া হয়। আর বাকি টাকা দিলে ৪৫টি পাসপোর্ট দেয়া হবে বলে শর্ত সাপেক্ষে ওই পাসপোর্টগুলো দুই পুলিশ সদস্য নিজেদের কাছে জব্দ করে রাখে।

বিষয়টি জানতে পারেন তেজগাঁও জোনের ডিসি বিপ্লব কুমার সরকার। তিনি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানার ওসি জিজি বিশ্বাস (গোপাল গণেশ বিশ্বাস)কে খোঁজ নিতে বলেন। ওসি থানার বিট এসআইদের কাছে দিনের কার্যসূচি জানতে চান। তখন ওই দুই পুলিশ সদস্য কোনো আসামি ধরা হয়নি বলে থানার ওসিকে বলেন। পরে ওসি তার ব্যক্তিগত সোর্সের মাধ্যমে ওই ঘটনাটি জানতে পেরে পাসপোর্টসহ সবাইকে ছেড়ে দেয়ার নির্দেশ দেন। কিন্তু সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা অর্থের বিনিময়ে তাদের  ছেড়ে দেয়।

অর্থ লেনদেনের বিষয়টি ডিসি বিপ্লব কুমার সরকার জানতে পেরে ওসিসহ দুই পুলিশ সদস্যকে তার কার্যালয়ে ডেকে পাঠান। পরে দুই পুলিশ সদস্য ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা চাইলে তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন