
নিউজ ডেস্কঃ এন্ড ওয়াটার পোভারটি’র পলিসি বিভাগের প্রধান ড. নাসরিন খান বলেছে, দেশে বিভিন্ন শিল্পকারখানার কারনে পানি দূষণ হচ্ছে। পোশাকশিল্প গলু এর মধ্যে উল্লেখযোগ্য। কোনো শোধন প্রক্রিয়া ছাড়াই কর্তৃপক্ষ তাদের পোশাক কারখানার পানি নদীতে ফেলছে। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। কারণ এর ফলে পোশাকশিল্পে যদি চাপ আসে তাহলে পুরো খাতের কর্মজীবী মানুষের ওপর তা প্রভাব ফেলবে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর মৌচাকে ‘জল ও জীবিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি। ড. নাসরিন খান বলেন, আইলা দুর্যোগের পাঁচ বছর পেরিয়ে যাচ্ছে। কিন্তু সেখানকার মানুষ এখনো সুপেয় পানি পাচ্ছে না। এ বিষয়েও নজর দেওয়া উচিত।
সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপনকালে পানি উন্নয়ন বোর্ডের ড. আনোয়ার জাহিদ বলেন, বাংলাদেশের প্রধান তিনটি নদী পদ্মা, মেঘনা ও ব্রক্ষ্মপুত্রের ৯৩ শতাংশই দেশের বাইরে। পানিটা প্রবাহিত হচ্ছে আমাদের দেশে। কিন্তু কখন কী পরিমান পানি প্রবাহিত হবে তার নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। ফলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে।
দেশে ১০ থেকে ১২ শতাংশ মানুষ এখনো বিশুদ্ধ পানি পাচ্ছে না বলে জানান তিনি। মূল প্রবন্ধে আরও উল্লেখ করা হয়, দেশের জনসংখ্যার একটা বড় অংশ বিশুদ্ধ পানি পাচ্ছে না। আমাদের যতো গবেষণা, পরিকল্পনা আছে তার যথাযথ বাস্তবায়ন হচ্ছে না।
ঢাকা ওয়াসার উপ-পরিচালক এস ডি এম কামরুল আলম চৌধুরী বলেন, প্রয়োজনীয় পানির ৭৮ শতাংশ ভূগর্ভস্থ পানি থেকে সংগ্রহ করা হয়। ঢাকার আশপাশের নদীগুলোর পানির এমন খারাপ অবস্থা, যে তা বিশুদ্ধ করে ব্যবহার উপযোগী করা কঠিন। ঢাকাতে এখন টিউবয়েল করার মতো জায়গা পাওয়া যাচ্ছে না।
জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক সুধীর কুমার ঘোষ বলেন, পানিতে প্রয়োজনীয় অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। সুপেয় পানির বিষয়ে সামাজিকভাবে নানা উদ্যোগ নিতে হবে। সবাইকে এক সঙ্গে কাজ করতে। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রণায়ের সচিব ড. জাফর আহমেদ খান।