
নিউজ ডেস্কঃ মিরপুর পল্লবী থানার আওতাধীন চারটি বিহারী ক্যাম্পের আশপাশে সরকারি জমিতে বসবাসকারী অবাঙালিদের উচ্ছেদ করা যাবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। উচ্ছেদ অভিযান বন্ধ চেয়ে বিহারীদের করা ৯টি রিট পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন আদালত।
এ রায়ের ফলে মিরপুরের পল্লবী ও মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসহ দেশের বিভিন্ন স্থানে ক্যাম্প এলাকার বাইরে অবৈধভাবে বসবাসকারী বিহারীদের উচ্ছেদ করা যাবে। তবে ক্যাম্পে যারা আছে তাদের থাকতে বাধা নেই। সরকারি হিসাব অনুযায়ী দেশে ৭০টির মতো বিহারী ক্যাম্প আছে। এসব ক্যাম্পে বসবাসকারীদের মধ্যে জাতীয় পরিচপত্রধারীদের সরকারি নীতিমালা অনুযায়ী পুনর্বাসনের নির্দেশনাও দিয়েছেন হাইকোর্ট। এছাড়া পল্লবীতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বরাদ্দকৃত ২২টি প্লটের দখল গ্রহীতাদের বুঝিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে রায়ে।
বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার এ রায় দেন। আদালতে বিহারীদের পক্ষে আইনজীবী ছিলেন আবদুল বাসেত মজুমদার ও এ এফ হাসান আরিফ, হাফিজুর রহমান খান। এছাড়া মধ্যস্থতাকারী মানবাধিকার সংস্থা ব্লাস্টের পক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল গৌতম রায়।
মিরপুর পল্লবী থানার আশপাশের জমিতে ১৯৯৫-৯৬ সালে ২২টি প্লট গ্রহীতাদের মাঝে বরাদ্দ দেয় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। সে অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন ২০০২ সালে পুলিশ সহায়তায় পল্লবীতে কিছু দোকানপাট উচ্ছেদের উদ্যোগ নিলে তাদের প্রতিনিধিরা আদালতে রিট আবেদন দায়ের করেন। পিটিশনের শুনানি নিয়ে রুল ইস্যু হয় ও উচ্ছেদ কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট।
এরপর ২০০৩ সালে ২২টি প্লট বরাদ্দ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দখল বুঝিয়ে দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়। এসব প্লটে বসবাস করে বলে দাবি করে দখল হস্তান্তরের বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা চেয়ে অপর একটি রিট করা হয়। এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে ও প্লট হস্তান্তরের ওপর স্থগিতাদেশ দেন।
এর আগে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকায়ও কিছু স্থাপনা ভাঙার উদ্যোগ নিলে ২০০১ সালে মানবাধিকার সংস্থা অধিকারও একটি রিট দায়ে করে। সেই রিটেও রুল ও স্থগিতাদেশ আসে। অনুরূপভাবে নীলফামারির রেলওয়ের জায়গায় সৈয়দপুর বিহারী ক্যাম্প থেকে বিহারীদের যাতে উচ্ছেদ করতে না পারে এ জন্য ২০০৭ সালে অপর একটি রিট দায়ের করা হয়। অনুরূপভাবে দেশের বিভিন্ন স্থানে বিহারীদের উচ্ছেদ নিয়ে আরও ৫টি রিট পিটিশন দায়ের করা হয়। হাইকোর্ট আজ এই সবগুলো রিট খারিজ করে এ রায় দেন।