
বরিশাল সংবাদদাতা : বরিশাল জেলার মুলাদী থানার দারোগা (এসআই) মো. নাসিরউদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন এক বিচারক। বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছাড় বাদী হয়ে দণ্ডবিধির ১৭৭ ধারায় (পেনাল কোড) গতকাল রোববার বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ (সিআর মামলা নং-৭১/১৬) দায়ের করেন।
বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক অমিত কুমার দে মামলাটি আমলে নিয়ে অভিযোগটি বিচার বিভাগীয় তদন্তের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলামকে নির্দেশ দিয়েছেন। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী মো. শাখাওয়াত হোসেন সংবাদমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, মুলাদী থানার একটি মামলার (জিআর মামলা নং ১৫৩/১৩) তদন্ত কর্মকর্তা ছিলেন এসআই মো. নাসিরউদ্দিন। ওই মামলায় বাদী ও আসামিদের মধ্যে স্থানীয়ভাবে কোনো মিমাংসা না হওয়ার পরও দু’পক্ষের মিমাংসা হয়েছে উল্লেখ করে তদন্ত কর্মকর্তা উদ্দেশ্য প্রণোদিতভাবে আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।
ওই মামলার বাদী চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে ২৭ মার্চ আদালতে নারাজী আবেদন করেন। ওই দিনই আদালত তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে নারাজী আবেদন সহ চূড়ান্ত প্রতিবেদনের উপর শুনানির জন্য ৩ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য্য করেন।
তদন্ত কর্মকর্তাকে পরবর্তী ধার্য্য তারিখে আদালতে হাজির হওয়ার জন্য আদালতের জিআরও শাখা থেকে ওই দিনই ১২৮৫ নম্বর স্মারকে মুলাদী থানার এসআই মো. নাসিরউদ্দিনের কাছে সমন পাঠানো হয়।জিআরও শাখা এসআই নাসিরউদ্দিনের সমন পাওয়ার বিষয়টি আদালতকে নিশ্চিত করেন। কিন্তু নির্ধারিত তারিখে তদন্ত কর্মকর্তা কোনো ধরনের কারণ উল্লেখ না করে আদালতে অনুপস্থিত থাকেন।
কোন কারন ছাড়াই আদালতে অনুপস্থিত থাকার বিষয়টি ভালভাবে নেয়নি আমি আদালত। তাই পেনাল কোডের ১৭৭ ধারা মোতাবেক অপরাধ করায় আমলি আদালতের বিচারক তরুণ বাছাড় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের কাছে বিভাগীয় মামলা করেন।