
নিউজ ডেস্কঃ শেলা নদীতে তলা ফেটে ডুবে যাওয়া কয়লাবাহী কোস্টার ‘সি হর্স-১’ এর উদ্ধার কাজ ১৫ দিনেও শুরু করতে পারেনি বিআইডাব্লিউটিএ ও বনবিভাগ। বনবিভাগের কর্মকর্তারা বলছেন, কোস্টারের মালিক পক্ষের সঙ্গে তাদের যোগাযোগ হয়েছে। তারা দ্রুত কোস্টারটি উদ্ধারে কাজ শুরু করবেন। তবে নির্দিষ্ট কোনো সময় তারা বলতে পারেননি ।
গত ১৯শে মার্চ সুন্দরবনের শেলা নদীর হরিণটানা এলাকায় এক হাজার ২৩৫ টন কয়লা নিয়ে ডুবে যায় ‘সি হর্স-১’। এর আগে ২০১৪ সালের ৯ই ডিসেম্বর ‘ওটি সাউদার্ন স্টার-৭’ নামে একটি তেলবাহী কার্গো সুন্দরবনের শেলা নদীতে ডুবে গিয়েছিল ।
কোস্টার ডুবির ঘটনা তদন্তে বনবিভাগ ও জেলা প্রশাসন তিনটি কমিটি গঠন করেছে। বনবিভাগের একটি কমিটি নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দিলেও বাকি দুই কমিটির কাজ শেষ হয়নি । সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. সাইদুল ইসলাম বলেন, কোস্টারের মালিক পক্ষের একটি বিশেষজ্ঞ দল সম্প্রতি দুর্ঘটনাস্থলে গিয়ে জরিপ শেষ করেছে। তারা দ্রুতই উদ্ধার কাজ শুরু করবে ।
বিআইডাব্লিউটিএ খুলনা কার্যালয়ের উপ-পরিচালক আশরাফ হোসেন বলেন, শেলা নদীতে ডুবে যাওয়া কোস্টারটির ওজন প্রায় সাড়ে সাতশ মেট্রিক টন। আর তাদের উদ্ধারকারী যানের উত্তোলন ক্ষমতা মাত্র ২৫০ মেট্রিক টন। আমরা নৌযানটি উদ্ধার করতে পারছি না বলেই কোস্টার মালিকের সঙ্গে যোগাযোগ করেছি। তারা ভাড়া করা কোনো যান এনে কোস্টারটি উত্তোলন করবে বলে আমাদের নিশ্চয়তা দিয়েছে । উদ্ধার কাজ শিগগিরই শুরু না করলে তা নিলামে তোলা হবে বলে জানান তিনি।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলার সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল বলেন, ঘটনার ১৫ দিনেও কয়লাবাহী কোস্টার উদ্ধারে কোনো তৎপরতা নেই। তারা চিঠি চালাচালিতে ব্যস্ত । সংশ্লিষ্টরা এ বিষয়ে কতটুকু আন্তরিক- তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি । জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির প্রধান ও বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোমিনুর রশিদ বলেন, তদন্ত কাজ অনেকটাই শেষ হয়েছে। দ্রুতই তা জমা দেওয়া হবে ।
বন বিভাগের করা একটি কমিটির প্রধান ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) জাহিদুল কবির জানান, গত ২৩ থেকে ২৫ মার্চ তাদের সাত সদস্যের তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। সোমবার সভা করে দুই-এক দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে । এ বিষয়ে কথা বলার জন্য কোস্টার মালিক মুনিরা কবিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি ।
তবে কোস্টারের চালক সিরাজুল ইসলাম মোল্লা বলেন, বিআইডাব্লিউটিএ ও বনবিভাগের সহযোগিতা না পাওয়ায় তারা কোস্টার উদ্ধারের জন্য নৌযান ভাড়া করতে পারছেন না । ডিএফও সাইদুল ইসলাম ও বিআইডাব্লিউটিএ খুলনা কার্যালয়ের উপ-পরিচালক আশরাফ হোসেন অসহযোগিতার এই অভিযোগ অস্বীকার করেছেন ।