
নিউজ ডেস্কঃ মগবাজার-মৌচাক ফ্লাইওভারের সুফল আটকে গেছে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায়। বিজয় সরণির লিঙ্ক রোড ও মগবাজার ফ্লাইওভার, এই দুই ফ্লাইওভারের নামার স্থান প্রায় কাছাকাছি হওয়ায় ফলে সৃষ্টি হচ্ছে যানজট । বিশেষজ্ঞদের মতে, ২০০৩ সালে করা নকশা ২০১৩-তে বাস্তবায়নের সময় ওই এলাকার পরবর্তী ১০ বছরের সড়ক ব্যবহারের পরিবর্তনকে বিবেচনায় নেওয়া হয়নি । আর সে কারণে এই সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে, পরিবর্তিত ট্রাফিক প্যাটার্ন বিবেচনায় নিয়ে ওই এলাকার ট্রাফিকিং ব্যবস্থা সাজানো হচ্ছে ।
বহু আলোচনা সমালোচনা আর দীর্ঘ জনদুর্ভোগের পর চালু হয়েছে মগবাজার মৌচাক ফ্লাইওভারের সিকি ভাগ অংশ। এটি চালুর পর মগবাজার এলাকায় যানজট কিছুটা কমেছে। যদিও পিক আওয়ারগুলোতে পুরো ফ্লাইওভার জুড়েই দেখা যায় উল্টো চিত্র । তবে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয় ফ্লাইওভারের তেজগাঁও অংশে নামার পর। কিছুদূর এগুলে বিজয় সরণীর লিঙ্ক রোড থেকে আসা গাড়ির চাপ এবং মগবাজারের গাড়ির চাপ মিলিত হয় শিল্পাঞ্চলের চৌরাস্তায়। তারপর তা ছড়িয়ে পরে মহাখালী পর্যন্ত । এ ছাড়াও ফ্লাইওভার নিয়ে হালকা যান চালকদের অভিযোগ আছে ।
বিশেষজ্ঞরা বলছেন, ২০০৩ সালের নকশা ১০ বছর বাস্তবায়নের সময় নতুন তৈরি হওয়া হাতিরঝিল ও বিজয় সরণীর লিঙ্ক রোডকে বিবেচনায় নেওয়া হয় নি । পরিবহন বিশেষজ্ঞ সামছুল হক বলেন, যেহেতু এতো বছর আগের পরিকল্পনা এতদিনে বাস্তবায়িত হলো এজন্য তো এটি কিছুটা হোঁচট খাবেই । তবে কর্তৃপক্ষের দাবি, মহাখালী পর্যন্ত জ্যাম কমাতে তারা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন ।
এলজিইডি'র প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী বলেন, আগামী ১৫ দিনের মধ্যে গাড়ির চাপের সমন্বয় করতে বিভিন্ন স্থানে ইউলুপ করবো। নির্মাণ কাজ শুরুর সময় কথা ছিলো কাজ শেষ হবে দু'বছরের মধ্যে। কিন্তু তিন বছর পরও নানা প্রশ্ন নিয়ে কাজ হয়েছে চার ভাগের মাত্র একভাগ । এই এলাকার মানুষজন বলছেন, ফ্লাইওভারের র্যাম্প কোথায় নামলে সুবিধে হতো কিংবা নকশায় আদৌ ভুল রয়েছে কি না তা তারা বুঝতেও চান না শুনতেও চান না। মানুষের চাওয়া যানজটমুক্ত হোক রাজধানীর এই ব্যস্ত শিল্প এলাকা ।