News71.com
 Bangladesh
 05 Apr 16, 12:50 PM
 681           
 0
 05 Apr 16, 12:50 PM

রাজধানীতে চলছে স্বর্ণ বন্ধকীর রমরমা ব্যবসা ......

রাজধানীতে চলছে স্বর্ণ বন্ধকীর রমরমা ব্যবসা ......

নিউজ ডেস্কঃ নীতিমালা না থাকলেও রাজধানীতে রমরমা ব্যবসা করছেন কয়েক হাজার স্বর্ণ বন্ধকী ব্যবসায়ী। জুয়েলারি ব্যবসার আড়ালে  অনেকেই এই ব্যবসা করছেন বলে মন্তব্য বণিক সমিতির । ব্যবসায়ীরা বলছেন, এই কার্যক্রমের মাধ্যমে নগদ টাকা পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ। অন্যদিকে এই ব্যবসায়ীদের বড় অংশেরই লাইসেন্স না থাকায় রাজস্ব হারাচ্ছে সরকার। নীতিমালা না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানায় জেলা প্রশাসন ।

নগরীর প্রায় ৫ হাজার বন্ধকী ব্যবসায়ীর মধ্যে মাত্র ২৫০টি প্রতিষ্ঠানের নিবন্ধন রয়েছে । রাজধানীর তাঁতিবাজারে সারিবদ্ধ দোকানগুলো স্বর্ণ বন্ধকী ব্যবসায়ীদের। এখানে স্বর্ণের প্রাচুর্যময় প্রদর্শনী না থাকলেও স্বর্ণ কেনা-বেচাসহ বন্ধকী ব্যবসা চলে সব সময়। প্রয়োজনের তাগিদে এখানে নিজের প্রিয় অলংকার বন্ধক রাখতে আসেন অনেকেই। বাজার মূল্যের চেয়ে প্রায় ১০ হাজার টাকা কমে বন্ধক নেয়া হয় প্রতি ভরি স্বর্ণ। এতে সুদের হার রাখা হয় তিন থেকে পাঁচ শতাংশ। ব্যবসায়ীরা বলছেন, এতে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ । তবে স্বর্ণ বন্ধক রাখতে আসা এমন গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীর সাথে কথা বলতে চাইলে তারা এড়িয়ে যান ।

পণ্য নিয়ন্ত্রণ আইন-১৯৫৬ এর বিধান অনুযায়ী জেলা প্রশাসনের ব্যবসা-বাণিজ্য শাখা থেকে গোল্ড ডিলিং লাইসেন্স নিতে হয় ব্যবসায়ীদের। ওই বিধানে স্বর্ণ বন্ধকী ব্যবসার কোন নিয়ম না থাকায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান ঢাকা জেলা এডিসি মজিবুর রহমান। জুয়েলারি আইনে লাইসেন্স নেওয়া এ ব্যবসার সরকারী কোন নীতিমালা না থাকলেও সমিতির নীতিমালাকেই মুখ্য করে তুলে ধরেন তাঁতিবাজার বণিক সমিতি সহ-সভাপতি মণ্ডল মিয়া ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন