
নিউজ ডেস্কঃ উপকরণের মূল্য বৃদ্ধির পাশাপাশি উৎপাদিত কাপড় বিক্রি করতে না পারায় বিলুপ্তির পথে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর তাঁত শিল্প। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এ পেশা ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে রাখাইনদের । এ শিল্পকে বাঁচাতে সরকারের স্বল্প সুদে ঋণের দাবি জানিয়েছেন রাখাইন নেতারা। অবশ্য তাঁত বোর্ড বলছে, এ ব্যাপারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ হচ্ছে ।
এক সময় নিঃশ্বাস ফেলার সময়ই ছিল না এ এলাকার মানুষের । দিন-রাত তাঁতের খটখট শব্দে মুখর ছিল কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর রাখাইন পল্লী। রাখাইন নারীরা হাতে হাত মিলিয়ে বুনতেন বিছানার চাদর, থ্রি-পিস, লুঙ্গি, ব্যাগ, ফতুয়া ও থান কাপড়। কিন্তু সেই ব্যস্ততা এখন আর নেই। সূতা, রঙ ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তাঁত কারখানা। ফলে পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এখানকার রাখাইনরা । এ শিল্পকে বাঁচাতে সরকারের স্বল্প সুদে ঋণের দাবি জানালেন মহেশখালী রাখাইন বুড্ডিষ্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতি ক্য চিং ।
কক্সবাজার বিসিক সেন্টার বাতাঁবো লিয়োজোঁ কর্মকর্তা মোহাম্মদ আবু ইউছুফ বলেন, এ শিল্পকে বাঁচাতে ঋণ প্রদানসহ প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে । মহেশখালী উপজেলার ৪টি রাখাইন পল্লীতে তাঁত কারখানা ছিল চারশো। কিন্তু বর্তমানে চালু আছে ৩০টি। আর এ পেশার সাথে জড়িত ছিল ৫০০ রাখাইন পরিবারের ৫ হাজারেরও বেশি মানুষ ।