
নিউজ ডেস্কঃ সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে রবি-এয়ারটেল একীভূত হতে সরকার প্রায় ৫০০ কোটি টাকা ফি নেবে। তবে আজ সাংবাদিকদের সাথে আলাপকালে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, এ ক্ষেত্রে কোনো ধরনের ফিসের প্রস্তাব করা হয়নি। তিনি বলেন, রবি-এয়ারটেল একীভূত হওয়ার ক্ষেত্রে পাশ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের অনুকরণীয় রীতি-রেওয়াজ অনুসরণ করা হচ্ছে ।
তিনি আরও বলেন, আমাদের দেশে যেহেতু টেলিকম খাতে প্রথমবারের মত মার্জার হতে যাচ্ছে তাই আমরা বলছি, পাশ্ববর্তী দেশসহ বিশ্বের যেসব দেশে টেলিকমের মার্জার হয়েছে, সেসবের মধ্যে অনুকরণীয় রীতি অনুসরণ করা যেতে পারে। টেলিকম বিভাগ প্রধানমন্ত্রীর দপ্তরে বৃহস্পতিবার মার্জারের চুড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো ফাইলে 'ফিস' শব্দ উল্লেখ করেনি বলেও তারানা হালিম নিশ্চিত করেছেন। বিটিআরসির একজন সিনিয়র কর্মকর্তা বলেন, বাংলাদেশ টেলিযোগাযাগ আইনে মার্জারের ক্ষেত্রে ফি নির্ধারণের কোন বিধি নেই ।
তারমতে, অধিগ্রহণের ক্ষেত্রে দুই পক্ষ স্বাধীনভাবে আলোচনার প্রেক্ষিতে ‘সম্পত্তি ও দায়িত্ব’ হস্তান্তর করবে। কিন্তু মার্জারের বা একীভূতকরণের ক্ষেত্রে ট্রান্সফার বা হস্তান্তর হয় না। সুতরাং এক্ষেত্রে কোনো ফিস বা কর ধার্যের কোনো অবকাশ নেই। মার্জারের ক্ষেত্রে ভারতে কোন ‘মার্জার ফি’ প্রদান করতে হয় না, কিন্তু অপারেটররা যদি তাদের লাইসেন্স বা সেবাকে অন্য কোন লাইসেন্স বা সেবায় পরিবর্তন করতে চায় তবে সেক্ষেত্রে বাড়তি ফি প্রযোজ্য হয় ।
তিনি বলেন, ভারতে ভোডাফোন মার্জারের ক্ষেত্রে লাইসেন্স ও সেবার ক্ষেত্র ভিন্ন ছিল, লাইসেন্সের আওতায় কার্যক্রমের ক্ষেত্রও পরিবর্তন হয়েছে। তাই ভোডাফোনের লাইসেন্স পরিবর্তন করে একটি সমন্বিত লাইসেন্স প্রয়োজন ছিল। যার জন্য তাদের বাড়তি চার্জ দিতে বলা হয় । ভারতে ভোডাফোনের উদাহরণ দিয়ে রবি-এয়ারটেল একীভূতকরণের সাথে কোনো সামঞ্জস্যতা নেই উল্লেখ করে তিনি বলেন, ভোডাফোন ভারতে ইউনিফাইড লাইসেন্সের জন্য আবেদন করেছিলো। এছাড়াও তাদের চেন্নাই সার্কেলের লাইসেন্সের মেয়াদ বাড়ানো এবং বাড়তি তরঙ্গ অধিগ্রহনের বিষয় ছিল, যার জন্য ভোডাফোন প্রায় ২০০০ কোটি রুপি অন্তর্বর্তী সময়ের জন্য আদালতের সমঝোতার মাধ্যমে দিতে রাজি হয়েছিলো ।
এয়ারটেলের দ্বিতীয় প্রজন্মের লাইসেন্স ২০২০ সালে মেয়াদ শেষ হবে, কিন্তু রবি বা এয়ারটেল একীভূতকরণ প্রক্রিয়ায় এই মেয়াদ বাড়ানোর কোন আবেদন করেনি যা ভারতের ভোডাফোনের ক্ষেত্রে ভোডাফোন তাদের চেন্নাই সার্কেলের মেয়াদ অর্থ প্রদানের বিনিময়ে বাড়িয়ে নিয়েছে। ভোডাফোন যে অর্থ প্রদান করেছিল সে অর্থ কোন মার্জার ফি ছিল না । তা ছিল ভোডাফোন এবং ভারতীয় টেলিকম রেগুলেটরের মধ্যকার ২০০৭ সাল থেকে চলমান দীর্ঘ মামলার একটি সমঝোতার মাধ্যমে অন্তর্বর্তীকালীন লেনদেন ।