
নিউজ ডেস্কঃ সিলেটের সেই রহস্যময় মার্সিডিজ বেঞ্জ’র প্রাইভেট কারটি রহস্যঘেরাই রইল। হঠাৎ পার্কিং থেকে উধাও হয়ে যাওয়ার পর গতকাল সন্ধ্যা পর্যন্ত আলোচিত এ গাড়িটির সন্ধান মিলেনি। এ কারণে রহস্যর ডালপালা আরও মেলতে শুরু করেছে। গতকালও সিলেট নগরীর একাধিক স্থানে অভিযান চালানো হয়েছে।
গোয়েন্দাদের নেতৃত্বে পুলিশ ও র্যাব’র একাধিক টিম গাড়িটির খোঁজে হন্যে হয়ে ঘুরছে। এ কারণে দুই কোটি টাকার ওই গাড়িটি ক্রমেই রহস্যের জন্ম দিয়ে চলেছে। একই সঙ্গে প্রাইভেট কারের মালিক দাবিদার আবদুল মালেকেরও কোনো হদিস মিলছে না। পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রেপ্তার এড়াতে আবদুল মালেক লন্ডনে পাড়ি দিয়েছেন। কিন্তু গোয়েন্দারা গতকাল নিশ্চিত করেছেন, আবদুল মালেক লন্ডনে পালিয়ে যাওয়ার কোনো খবর তাদের কাছে নেই। তিনি যাতে পালাতে না পারে সেজন্য ঢাকা, সিলেটসহ বিভিন্ন ইমিগ্রেশনে ইতিমধ্যে বার্তা পাঠানো হয়েছে ।
অপরদিকে, অভিযানের পাশাপাশি গোয়েন্দারা গাড়িটি সিলেটে কীভাবে এলো, কারা নিয়ে এসেছে, এখন কার তত্ত্বাবধানে রয়েছে সে বিষয়ে খোঁজ-খবরে নেওয়া হচ্ছে । ইতিমধ্যে পাওয়া গেছে কিছু তথ্য। তবে, সেসব তথ্য যাচাই-বাছাই চলছে। গোয়েন্দারা বলেছেন, দুই কোটি মূল্যের মার্সিডিজ বেঞ্জের ওই গাড়িটির মতো গাড়ি সিলেটে খুব একটা নেই। মাঝে-মধ্যে দুই-একটি গাড়ি সিলেটে দেখা যায়। সম্প্রতি সময়ে গোয়েন্দারা বিমানবন্দরের সীমানা ছাড়িয়ে সিলেট নগরেও তাদের কার্যক্রমের পরিধি বাড়িয়েছেন। এ কারণে সিলেট নগরীতে চলাচলকারী ওই গাড়িটি তাদের নজরে আসে। তবে, গাড়িটি বিএম টাওয়ারের বসবাসকারী তারা মিয়া নামের এক লন্ডন প্রবাসী নিয়ে এসেছিলেন বলে ইতিমধ্যে খবর এসেছে এবং গাড়িটি কোনো বন্দর দিয়ে না এনে স্থলপথে লন্ডন থেকে ভারত হয়ে সিলেটে আনা হয়। সিলেটের কোনো একটি স্থলবন্দর দিয়ে গোপনে গাড়িটি দেশে ঢুকানো হয়েছে বলে ধারণা করেন তারা। তারা মিয়া গাড়িটি সিলেটের আনার পর তিনি কিছুদিন ব্যবহার করেন। এরপর লন্ডন প্রবাসী তারা মিয়া মারা গেলে গাড়িটি তারই স্বজন আবদুল মালেকের তত্ত্বাবধানে চলে আসে এবং বিএম টাওয়ারে রেখেই আবদুল মালেক ওই গাড়িটি ব্যবহার করতেন। আর গাড়িটি চালাতো দেশে থাকা চালকরা। প্রায় তিন বছর ধরে সিলেটের রাস্তায় বেনামী নম্বরের দুই কোটি টাকার মার্সিডিজ বেঞ্জের ওই গাড়িটি নির্বিঘ্নেই চলাচল করেছে। দামি গাড়ি হওয়ার কারণে পুলিশের পক্ষ থেকে তেমন খোঁজ-খবর নেওয়া হয়নি। আর গাড়িটি গোয়েন্দাদের নজরে আসার পরপরই তারা গাড়িটি আটকের চেষ্টা চালায় ।
বৃহস্পতিবার বিকালে আম্বরখানাস্থ বিএম টাওয়ারের গিয়ে বি-৩ ফ্লাটের পার্কিং-এ একটি ‘মার্সিটিজ বেঞ্জ’ গাড়ি (ঢাকা-৬১৪/ও) দেখতে পায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম। শুল্ক ফাঁকি দিয়ে আনা এবং জালিয়াতির মাধ্যমে কাস্টম দলিলাদি প্রস্তত করে বিআরটিএ’র রেজিস্ট্রেশন করা ওই গাড়িটির স্থিরচিত্র ও ভিডিও করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের টিম। এরপর তারা গাড়িটির কাগজপত্র সঠিক আছে কি না তল্লাশি করতে যান। শুক্রবার দুপুরে শুল্ক অধিদপ্তরের একটি টিম বিএম টাওয়া গেলে গাড়িটি পার্কিংয়ে পাওয়া যায়নি। টাওয়ারের নিরাপত্তা রক্ষীরা বলেছেন, গাড়িটি রাতের আঁধারে সরিয়ে নেওয়া হয়। গাড়িটি সরিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় শুরু হয় নগরীতে ।