
নিউজ ডেস্কঃ জাতীয় সমাজতান্ত্রিক দল ও ন্যাশনাল পিপলস পার্টির মতো দুটো রাজনৈতিক দল যখন বিভক্তিতে ব্যস্ত তখন মুসলিম লীগ ঐক্যবদ্ধ হওয়ার কথা ভাবছে। মশাল আর আম প্রতীক পেতে মরিয়া জাসদ ও এনপিপি’র দুই পক্ষই। তবে ‘পাঞ্জা’ ছেড়ে ‘হারিকেনে’ই থাকতে চাইছে বাংলাদেশ মুসলিম লীগের দুই অংশ। আগামী জুনের মধ্যে কাউন্সিল করে একীভূত মুসলিম লীগের ঘোষণা দেওয়া হতে পারে ।
আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল হক মজুমদার সভাপতি ও আলহাজ্ব কাজী আবুল খায়ের মহাসচিবের নেতৃত্বাধীন দলটির প্রতীক রয়েছে হারিকেন। আর ৪০ নম্বর দল হিসেবে ২০১৩ সালের ২রা জুন নিবন্ধন পায় বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। এ এইচ এম কামরুজ্জামান খান সভাপতি ও অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরীর ভারপ্রাপ্ত মহাসচিব রয়েছেন এ দলে। তাদের প্রতীক হাত (পাঞ্জা) ।
নবম সংসদ নির্বাচনের আগে বাংলাদেশ মুসলিম লীগ নাম নিবন্ধন পেতে দুই পক্ষই আবেদন করেছিল। হারিকেন প্রতীকে একটি দল নিবন্ধন পাওয়ায় একই নামে আরেকটি দল আদালতের শরণাপন্ন হয়। চার বছর পর পাঞ্জা প্রতীকে বিএমএল নামে নিবন্ধিত হয় পরের পক্ষটি ।
গত সেপ্টেম্বরে মারা যান মুসলিম লীগের সভাপতি নুরুল হক। এ অবস্থায় ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে একজন দায়িত্ব পালন করলেও মহাসচিব খায়েরের তত্বাবধানে চলছিল দলটি। কাজী আবুল খায়ের বলেন, নবম সংসদে দলটি অংশ নিলেও দশম সংসদে ভোটে ছিল না তারা। পরবর্তী কোনো স্থানীয় নির্বাচনেও প্রার্থী দেওয়া হয়নি । আমরা নিবন্ধনের শুরুতে আটভাগে বিভক্ত ছিলাম। এখন দুভাগে রয়েছি। হারিকেন প্রতীকে আমরা, আরেক অংশ পাঞ্জা প্রতীকে রয়েছে। ঐক্যবদ্ধ থাকতেই আমাদের প্রক্রিয়া চলছে। আশা করছি, জুন নাগাদ এক হতে পারব।
বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর সভাপতি কামরুজ্জামান খান বলেন, দশম সংসদের আগে নিবন্ধন পেলেও এ পর্যন্ত কোনো নির্বাচনে যাইনি আমরা। আমরা আর আলাদা থাকতে চাই না। শিগগিরই কাউন্সিলের মাধ্যমে একীভূত হবো। মুসলিম লীগের দুই পক্ষ হারিকেন প্রতীকেই ঐক্যবদ্ধ হবে । বর্তমানে ইসিতে ৪০টি নিবন্ধিত দল রয়েছে। এর মধ্যে কয়েকটি দলের বিভক্তি ঘটলেও এই প্রথম এক হওয়ার ঘোষণা এলো কোনো দলের পক্ষে ।
ইসির আইন শাখার উপ সচিব মহসিনুল হক বলেন, সব শর্ত পূরণ করে নিবন্ধন পেয়েছে দলগুলো। তারা দুটি দল ঐক্যবদ্ধ হতে গিয়ে উপযুক্ত কারণ দেখিয়ে কমিশনে আবেদন করলে তা পর্যালোচনা করা যেতে পারে । ইসি কর্মকর্তারা বলেন, নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে যেমন ইসি দাবি-আপত্তি নিষ্পত্তিতে গণমাধ্যমে প্রজ্ঞাপন দেয়, তেমনি উপযুক্তভাবে একীভূত হয়ে অন্য একটি অংশের বিলুপ্ত ঘোষণা করতে হতে পারে সংশ্লিষ্ট দলকে। সংশ্লিষ্ট দুই দলের আবেদন পেলে শুনানি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে ইসি ।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৩ নভেম্বর ২১ নম্বর দল হিসেবে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় বাংলাদেশ মুসলিম লীগ ।