
নিউজ ডেস্কঃ ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণ ও পল্লী এলাকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে ২৫ লাখ নতুন গ্রাহকের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে যাচ্ছে সরকার। এসব গ্রাহকের ঘরে স্থাপন করা হবে নতুন বৈদ্যুতিক মিটারও । এতে করে গ্রাম পর্যায়ে আলোর ছটা ছড়িয়ে পড়বে বলে মনে করছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) ।
'পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণের মাধ্যমে ২৫ লাখ গ্রাহক সংযোগ' প্রকল্পের আওতায় এ উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে মোট ব্যয় নির্ধারণ করা হচ্ছে ১ হাজার ২৩২ কোটি টাকা। এর মধ্যে প্রকল্প সাহায্য ৪৬০ কোটি ৬২ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ছাড়া ৭৭১ কোটি ৪০ লাখ টাকা । বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ৭৭টি পল্লী বিদ্যুৎ সমিতি(পবিস) এলাকায় প্রকল্পটি বাস্তবায়িত হবে ।
প্রকল্পের আওতায় ৬৫ হাজার ট্রান্সফরমার, ২৫ লাখ মিটার ও ৭৫ হাজার ৬৫১ কিলোমিটার কন্ডাক্টর কেনা হবে। বাপবিবো ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করব ।
উল্লেখ্য, বাপবিবো বলেন, বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ নিশ্চিত করতে চায়। সরকারের এ লক্ষ্যকে সামনে রেখেই প্রকল্পটি গ্রহণ করা হচ্ছে। বর্তমানে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ২ লাখ ৯৫ হাজার ৫৪১ কিলোমিটার লাইনের মাধ্যমে ১ কোটি ৪২ লাখ গ্রাহককে বিদ্যুৎ সেবা দিচ্ছে ।
সাম্প্রতিক সময়ে বাপবিপো একটি ইন হাউজ সিকিউরিটি স্টাডি সম্পন্ন করেছে। স্টাডির মাধ্যমে প্রমাণিত হয়েছে, কোনো বিদ্যুৎ লাইন নির্মাণ না করে শুধুমাত্র ট্রান্সফরমার স্থাপন করেই ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব ।
বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলাম বলেন, সপ্তম-পঞ্চবার্ষিক পরিকল্পনায় ৭০ লাখ নতুন গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সেই ধারাবাহিকতায় প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে। ২৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দিলে সামাজিক ও আর্থিক খাতে গুরুত্বপূর্ণ ইতিবাচক প্রভাব পড়বে। আমরা ইতোমধ্যেই ১৫ লাখ গ্রাহককে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রকল্প হাতে নিয়েছে। এর পরেই এই বড় প্রকল্পটি হাতে নিতে যাচ্ছি । পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরিকল্পনা কমিশনের প্রাক মূল্যায়ন কমিটির(পিইসি)সভায় উপস্থাপনার জন্য প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবনায় দেখা গেছে, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ল্যান্ডিং চার্জ খাতে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা, ২৫ লাখ মিটার বাবদ সাড়ে ২৪ লাখ টাকা, সরবরাহ ও সেবা খাতে ৬৮ কোটি ২৪ লাখ টাকা, যানবাহন কেনা বাবদ ৮০ লাখ টাকা ও সিডি ভ্যাট বাবদ ৩৭৬ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে । প্রস্তাবনায় বলা হয়েছে, ২০২১ সালে বাংলাদেশ হবে একটি উচ্চ মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে হবে উন্নত দেশ। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়বে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদা। ২০২১ সালে প্রয়োজন হবে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ এবং ২০৪১ সালে প্রয়োজন হবে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ ।
বাংলাদেশে ২০০৭ সালে ৯০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন হতো প্রাকৃতিক গ্যাস থেকে। কিন্তু গ্যাসের চাহিদা বেড়েছে বহুগুণে। বিদ্যুৎ, শিল্প, পরিবহন, বাণিজ্যিক, সার উৎপাদন, আবাসিক রান্নার কাজে গ্যাসের প্রয়োজন। তাই পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যান অনুযায়ী কয়লাকে প্রধান জ্বালানি রেখে বিদ্যুতের ভবিষ্যৎ চাহিদা পূরণ করা হবে । বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৩৫৮ মেগাওয়াট। এটা কয়েকগুণ বাড়িয়ে পর্যায়ক্রমে সকলকে বিদ্যুতের আওতায় আনা হবে বলেছেন বাপবিবো ।