
নিউজ ডেস্কঃ আন্দোলনরত পাট শ্রমিকদের এক হাজার কোটি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে এ নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা পহেলা বৈশাখ পালন করবো আর পাট শ্রমিকরা রাস্তায় আন্দোলন করবে- এটা হয় না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানিয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী এক ব্রিফিংয়ে বলেন, এক হাজার কোটির মধ্যে ৩০০ কোটি টাকা পহেলা বৈশাখের আগেই দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এই টাকা দিয়ে পাট শ্রমিকদের বেতন-ভাতাসহ অন্যান্য প্রাপ্য পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে ।
মন্ত্রিসভার এক সদস্য সূত্রে বলা হয়েছে, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রতিমন্ত্রী মীর্জা আজম। কয়েক জন সিনিয়র মন্ত্রী মীর্জা আজমের এ বক্তব্য সমর্থন করেন। তবে এ সময় অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তাবিত বাজেটের আগে এত টাকা সংগ্রহ করা কঠিন বলে মত প্রকাশ করা হয়। তারপরও প্রধানমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থমন্ত্রীকে নির্দেশ দেন ।
বৈঠকে বলা হয়েছে, পাটকল শ্রমিক ও কর্মচারীদের গ্র্যাচুইটি বাবদ ৩০০ কোটি টাকা, ভবিষ্যৎ তহবিল (প্রভিডেন্ট ফান্ড) ৩০০ কোটি এবং পাট কেনার জন্য ২০০ কোটি টাকা দরকার বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় হিসাব দেয়। এছাড়া, শ্রমিকদের সপ্তাহের মজুরি বাবদ মোটা অঙ্কের টাকা বকেয়া পড়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী এক হাজার কোটি টাকা বরাদ্দ দিতে বলেন। ব্রিফিংয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, খুলনায় পাটকল শ্রমিকদের চলমান আন্দোলন বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরাদ্দকৃত অর্থ দিয়ে সারা দেশের সব রাষ্ট্রায়ত্ত পাটকলের কর্মীদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে। তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, পহেলা বৈশাখে বোনাস পেয়ে সারা দেশের মানুষ আনন্দ উৎসব করবে, আর আমার পাট শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা না পেয়ে থালা-বাসন নিয়ে বসে থাকবে- এটা মানতে পারছি না। প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ এবং পাট কেনার জন্য প্রধানমন্ত্রী মন্ত্রিসভা বৈঠকে বিজেএমসি’র নামে এক হাজার কোটি টাকা বরাদ্দ দেয়ার কথা বলেন। এ বরাদ্দ পাওয়ায় বিজেএমসি’র দীর্ঘ দিনের অচলাবস্থার নিরসন হবে। প্রতিমন্ত্রী বলেন, এগুলো দীর্ঘ দিনের পাওনা। ২০০৮, ২০০৯ ও ২০১০ সালের কিছু পাওনা আছে। গত তিন বছরের পাওনা বেশি। এর মধ্যে গ্র্যাচুইটির টাকা পাওনা আছে পৌনে তিনশ’ কোটি টাকা, প্রভিডেন্ট ফান্ডের আছে প্রায় ৩০০ কোটি টাকা। শ্রমিকদের গত ৮ সপ্তাহের মজুরি পাওনা আছে ৪৮ কোটি টাকা।
উল্লেখ্য, অর্থ মন্ত্রণালয় বরাদ্দের টাকা ছাড় করলেই সব পাওনা পরিশোধ করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শুধু খুলনা এলাকার শ্রমিকরা নয়, দেশের সব মিলের শ্রমিকদের বকেয়া দিয়ে দেয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, বিজেএমসি’র আওতাধীন ২৭টি পাটকলের সবগুলোই এখন চালু। এসব পাটকলের ৭০ হাজার শ্রমিকের মধ্যে ৩২ হাজার স্থায়ী। টাকা ছাড় দিতে প্রক্রিয়াগত সময় বেশি লাগে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি টাকা মজুরি পরিশোধ করে দেবে। এর মধ্যে আট কোটি টাকা গত সপ্তাহেই দেওয়া হয়েছে। বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক এবং মন্ত্রণালয়ের সচিব এম কাদের সরকারসহ কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ।