News71.com
 Bangladesh
 12 Apr 16, 01:32 AM
 716           
 0
 12 Apr 16, 01:32 AM

লক্ষ্মীপুরের জেএমবি আমজাদের আমরণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ।।

লক্ষ্মীপুরের জেএমবি আমজাদের আমরণ কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত ।।

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুর জেলা আদালতে এগারো বছর আগে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য আমজাদ আলীর পুনর্বিচারের আদেশ প্রত্যাহার করে আপিল পুনঃশুনানির পর আমৃত্যু কারাদণ্ড দিয়েছে সর্বোচ্চ আদালত । প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ আজ এই রায় দেন । আদালতে আমজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার ।

ছয় দিন আগের রায় আংশিক প্রত্যাহার করে আপিল বিভাগ কেন পুনঃশুনানি করলো জানতে চাইলে রায়ের পর শশাঙ্ক শেখর বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পেলে তা জানা যাবে ।

উল্লেখ্য, লক্ষ্মীপুর জেলা আদালতে ২০০৫ সালের ৩রা অক্টোবর বোমা হামলার ঘটনায় পরের বছর আগস্টে জেএমবি সদস্য মাসুমুর রহমান মাসুম, আমজাদ আলী ও আতাউর রহমান সানিকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল । এরপর অন্য একটি মামলায় সানির ফাঁসি কার্যকর হয় এবং বাকি দুই আসামি হাই কোর্টে আপিল করেন । ২০১৩ সালে হাই কোর্ট মাসুমের মৃত্যুদণ্ড বহাল রাখে এবং আমজাদকে খালাস দেয়। মাসুম ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন । আর রাষ্ট্রপক্ষ আপিল করে আমজাদের খালাসের রায়ের বিরুদ্ধে ।

প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপিল বেঞ্চ গত ৬ই এপ্রিল শুনানি করে মাসুমের মৃত্যুদণ্ড বহাল রাখে। আর আমজাদের খালাসের রায় বাতিল করে পুনর্বিচারের আদেশ দেওয়া হয় ।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক বলেন, আপিল বিভাগ ওই রায়ের আমজাদের অংশটি সোমবার প্রত্যাহার করে নেয়। আজ এ বিষয়ে পুনরায় শুনানি হয় । পুনঃশুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আপিল মঞ্জুর করে আসামি আমজাদকে আমরণ কারাদণ্ড দেয় ।

আমজাদ আলীকে খালাসের ক্ষেত্রে হাই কোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে আমলে নেওয়া হয়নি। এ দিকটি বিবেচনায় নিয়েই আপিল বিভাগ আমজাদের ক্ষেত্রে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন বলে আগের দিন শশাঙ্ক শেখর বলেছিলেন । দুই আসামিই কারাগারে আছেন জানিয়ে তিনি বলেছিলেন, আপিল বিভাগ আমজাদ আলীকে কনডেম সেল থেকে কারাগারে স্থানান্তর করতে বলেছে ।

লক্ষ্মীপুরের আদালতে জেএমবির বোমা হামলার ওই ঘটনায় মজিবুল হক নামে এক বিচারপ্রার্থীর মৃত্যু হয়, বিচারক এম এ সুফিয়ান, বেঞ্চ অফিসার মো. শফিকুল্লাহসহ কয়েকজন আহত হন । জেলা আদালতের নাজির বজলুর রহমান ওই দিনই লক্ষ্মীপুর থানায় এ বিষয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন