
নিউজ ডেস্কঃ আগামী ৭ মে চতুর্থ ধাপের নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সাত ইউনিয়নের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, যেসব প্রার্থী সংশ্লিষ্ট কর্মকর্তাকে টাকা দিয়ে খুশি করতে পেরেছেন তাদের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। আর যারা টাকা দেননি তাদেরটা অবৈধ করে দেওয়া হয়েছে। গত ১১ এপ্রিল ছিল মনোনয়নপত্র বাছাইয়ের দিন।
অভিযোগে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ে ঝিনাইগাতী উপজেলার কৃষক শ্রমিক জনতা লীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী সুন্দর আলী এবং একই ইউনিয়নের একজন মেম্বার প্রার্থী ও মালিঝিকান্দা ইউনিয়নের একজন মেম্বার প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। অভিযোগ রয়েছে, ঝিনাইগাতি, হাতিবান্ধা ও মালিঝিকান্দা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটানিং এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম জালাল উদ্দিন উল্লেখিত ইউনিয়নের একাধিক চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর কাছ থেকে তাদের মনোনয়নপত্র অবৈধ করার ভয় দেখিলে অর্থ আদায় করেছেন। ভুক্তভোগীরা জানান, ওই কর্মকর্তাকে টাকা দিলেই মনোনয়ন বৈধ, না দিলেই অবৈধ। কাগজপত্র সব বৈধ থাকলেও হয়রানির ভয়ে সবাই কিছু না কিছু দিয়ে মনোনয়নপত্র বাছাই পর্ব শেষ করতে বাধ্য হচ্ছেন।
সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র বাতিলের হুমকি দিয়ে যাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে তাদের মনোনয়নপত্রে সামান্য নামের বানান, স্বাক্ষর সঠিক না থাকা, সঠিক স্থানে স্বাক্ষর না থাকা ইত্যাদি ভুল ছিল। আবার অনেকের আয় ও ব্যায়ের অংক না মেলায় তার মনোনয়নপত্র অবৈধ্য হলেও মোটা অংকের টাকার বিনিময়ে ওই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
তবে এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্ত উপজেলা নির্বাচন অফিসার একেএম জালাল উদ্দিন কাছে জানতে চাইলে তিনি সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন, "এসব ভুয়া অভিযোগ দিয়ে কাজ হবে না। আপনারা নিউজ করতে চাইলে করেন, কোন অসুবিধা নাই।"