
নিউজ ডেস্কঃ বিনামূল্যে বিতরণের জন্য ৬০ কোটি টাকার ঢেউটিন কিনছে সরকার। পাঁচটি লটে কেনা চার হাজার ১০৯ টন ঢেউটিন কেনার দরপত্র (টেন্ডার) নিয়ে অদ্ভুত সব কারবার ঘটেছে। এসব কারবারের মধ্যে রয়েছে- দরপত্রে অংশ নেয়া দুই লটের কোম্পানিগুলো একই ব্যাংক ও শাখা থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েছে। এসব ব্যাংক গ্যারান্টির সিরিয়াল নম্বর কাছাকাছি। এছাড়া, টেন্ডারে অংশ নেয়া কোম্পানিগুলোর উদ্ধৃত দর কাছাকাছি। অন্যদিকে মোট মূল্যও প্রাক্কলিত দরের কাছাকাছি। অর্থাৎ বাজেটে বরাদ্দকৃত অর্থের পুরোটা দিয়ে বিনামূল্যের ঢেউটিন কেনা হচ্ছে। একই সঙ্গে প্রথম ও তৃতীয় লটে একটি কোম্পানি ছাড়া সব কোম্পানিকে নন-রেসপনসিভ ঘোষণা করা হয়েছে। দরপত্র প্রক্রিয়ার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নেগোসিয়েশন ছাড়া এভাবে টেন্ডার প্রক্রিয়া হওয়ার কথা নয়। সব কিছুই ম্যানেজ করে করা হয়েছে ।
মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, গত ২৭শে মার্চ ২০১৫-২০১৬ অর্থবছরে ৬০ কোটি টাকার বাজেট বরাদ্দ থেকে ঢেউটিন কেনার প্রস্তাব অনুমোদনের জন্য পাঠায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এরপর তা দ্রুত গতিতে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নেওয়া হয়েছে। মন্ত্রিসভা কমিটি চার হাজার ১০৯ টন ঢেউটিন কিনতে ৫৯ কোটি ৯৭ লাখ ছয় হাজার ৬৯৫ টাকার প্রস্তাব অনুমোদন দিয়েছে। ঢেউটিন কেনার জন্য পাঁচটি দরপত্র মূল্যায়ন কমিটির কার্যবিবরণী পর্যালোচনায় দেখা যায়, পাঁচটি লটের প্রতিটিতে প্রাক্কলিত দর ১২ কোটি টাকা। এর মধ্যে প্রথম লটে ১১ কোটি ৯৯ লাখ চার হাজার ৫৫৪ টাকা, দ্বিতীয় লটে ১১ কোটি ৯৯ লাখ ৩২ হাজার চারশ’ টাকা, তৃতীয় লটে ১১ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৭৮৮ টাকা, চতুর্থ লটে ১১ কোটি ৯৯ লাখ ৬৪ হাজার ৭৮০ টাকা ও পঞ্চম লটে ১১ কোটি ৯৯ লাখ ১৪ হাজার ১৭৩ টাকার কার্যাদেশ দেয়া হচ্ছে। দরপত্র মূল্যায়ন কমিটির কার্যবিবরণীতে দেখা যায়, প্রথম লটের টেন্ডারে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড, পিএইচপি এন ও এফ কন্টিনিওয়াস গ্যালভানাইজিং মিলস লিমিটেড এবং মেসার্স সিয়াম ইন্টারন্যাশনাল অংশ নেয়। এর মধ্যে এ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড ছাড়া অন্য দুই কোম্পানিকে নন-রেসপনসিভ ঘোষণা করা হয়। এ্যাপোলো ইস্পাতের দাখিল করা দর ছিল প্রতি টন এক লাখ ৪৬ হাজার ৭৬২ টাকা। অন্য দুই কোম্পানি নন- রেসপনসিভ হওয়ার কারণ হিসেবে কার্যবিবরণীতে বলা হয়েছে, গুণগতমান পরীক্ষায় যাচাই করে ভাল মান পাওয়া যায়নি।
এছাড়া, দ্বিতীয় লটের দরপত্রে চারটি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে সানজি ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স জয় এন্টারপ্রাইজ ও মেসার্স আশরাফ ট্রেডিং রেসপনসিভ দরদাতা নির্বাচিত হয়। তবে মেসার্স খালেকুজ্জামানকে নন-রেসপনসিভ ঘোষণা করা হয়। সানজি ট্রেড ইন্টারন্যাশনাল সর্বনিম্ন দরদাতা হয়। এ লটে সানজি ট্রেড, মেসার্স জয় এন্টারপ্রাইজ ও মেসার্স আশরাফ ট্রেডিং-এর দাখিলকৃত টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, এ তিনটি কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকার বংশাল শাখা থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েছে। এর মধ্যে মেসার্স জয় এন্টারপ্রাইজের ব্যাংক গ্যারান্টি নং- ১৯৭/২০১৫ (টাকা ২৪ লাখ), সানজি ট্রেড ইন্টারন্যাশনালের ব্যাংক গ্যারান্টি নং-১৯৮/১৫ (টাকা ২৪ লাখ) ও আশরাফ ট্রেডিং-এর ব্যাংক গ্যারান্টি নং-১৯৯/১৫ (টাকা ২৪ লাখ)। এ লটে মেসার্স সানজি ট্রেড ইন্টারন্যাশনাল প্রতি টন এক লাখ ৪৭ হাজার ৭০০ টাকা উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়।
তৃতীয় লটের দরপত্রে চারটি কোম্পানি অংশ নেয়। এর মধ্যে কে, ওয়াই স্টিলকে রেসপনসিভ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে পিএইচপি এন ও এফ কন্টিনিওয়াস গ্যালভানাইজিং মিলস লিমিটেড, আশাহি ট্রেডিং (প্রাঃ) লিমিটেড ও মেসার্স কবির ট্রেডার্সকে নন-রেসপনসিভ ঘোষণা করা হয় । তাই চট্টগ্রামের কোম্পানি কে, ওয়াই স্টিলকে প্রতি টনে এক লাখ ৪৫ হাজার ৪৪৩ টাকা দরে সর্বনিম্ন দরদাতা নির্বাচিত করা হয়।
চতুর্থ লটের দরপত্রে সানজি ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স জয় এন্টারপ্রাইজ, মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজ ও মেসার্স হরিজন টেকনো লিমিটেড অংশ নেয়। এর মধ্যে সানজি ট্রেড ইন্টারন্যাশনাল, মেসার্স জয় এন্টারপ্রাইজ ও মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজকে রেসপনসিভ ঘোষণা করা হয়। মেসার্স হরিজন টেকনো লিমিটেডকে নন- রেসপনসিভ করা হয়। এ লটে মেসার্স জয় এন্টারপ্রাইজ সর্বনিম্ন দরদাতা নির্বাচিত হয়। রেসপনসিভ তিন দরদাতার দাখিলকৃত টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, এ তিনটি কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ঢাকার বংশাল শাখা থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েছে। এর মধ্যে মেসার্স জয় এন্টারপ্রাইজের ব্যাংক গ্যারান্টি নং- ২১৪/২০১৬ (টাকা ২৪ লাখ), মেসার্স রাবেয়া এন্টারপ্রাইজের ব্যাংক গ্যারান্টি নং-২১৫/১৬ (টাকা ২৪ লাখ) ও সানজি ট্রেড ইন্টারন্যাশনালের ব্যাংক গ্যারান্টি নং- ২১৩/১৬ (টাকা ২৪ লাখ)। এ লটে মেসার্স জয় এন্টারপ্রাইজ প্রতি টন এক লাখ ৪৪ হাজার ৮৮৫ টাকা উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়।
৫ম লটের দরপত্রে চারটি কোম্পানি অংশ নেয়। অংশ নেয়া কোম্পানির মধ্যে রয়েছে- জে. বি এন্টারপ্রাইজ, মেসার্স সামি ওয়াসিম ট্রেডার্স, মেসার্স নোমান ট্রেডার্স ও মেসার্স গ্লোবাল ট্রেড। এর মধ্যে গ্লোবাল ট্রেডকে নন-রেসপনসিভ ঘোষণা করা হয়। বাকি তিন কোম্পানিকে রেসপনসিভ করা হয়। রেসপনসিভ তিন দরদাতার দাখিলকৃত টেন্ডার ডকুমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, মেসার্স জে.বি এন্টারপ্রাইজ ও মেসার্স সামি ওয়াসিম ট্রেডার্স ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড, ঢাকার বংশাল শাখা থেকে ব্যাংক গ্যারান্টি নিয়েছে। এর মধ্যে মেসার্স জে.বি এন্টারপ্রাইজের পে-অর্ডার নং- ১২০১৪০৭ (টাকা ২৪ লাখ) ও মেসার্স সামি ওয়াসিম ট্রেডার্সের পে- অর্ডার নং-১২০১৪০৮ (টাকা ২৪ লাখ)। অন্যদিকে মেসার্স নোমান ট্রেডার্স ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বংশাল শাখা থেকে পে- অর্ডার করেছে। এ লটে মেসার্স জে. বি এন্টারপ্রাইজ প্রতি টন এক লাখ ৪৪ হাজার ৯৯৯ টাকা উল্লেখ করে সর্বনিম্ন দরদাতা হয়। এ ঢেউটিনের টেন্ডার নিয়ে সংশ্লিষ্টরা বলছেন, পছন্দের ঠিকাদারকে এ কাজ দিতে নানা কাজ করা হয়েছে। যা অদৃশ্যই রয়ে গেছে ।