
নিউজ ডেস্কঃ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলযোগ ও সহিংসতা রোধে করণীয় নির্ধারণে আইন- শৃঙ্খলাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন।
আজ বেলা সাড়ে ১১টায় ইসির সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার-ভিডিপি ও কোস্টগার্ড প্রধানদের এই বৈঠকে ডাকা হয়েছে।
নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, আমরা চাই সুষ্ঠু নির্বাচন। তবু দুই ধাপে অনেক এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্য শুনব এবং পরবর্তী করণীয় বিষয়ে আমাদের নির্দেশনা থাকবে। স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করা দরকার, তার সব ব্যবস্থা নিতে ফের নির্দেশ থাকবে ।
উল্লেখ্য, গত ২২ মার্চ ও ৩১ মার্চ দুই ধাপের ভোট শেষ হয়েছে। ১১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে ভোট কেন্দ্র করে।
২৩ এপ্রিল ও ৭ মে তৃতীয় ও চতুর্ধ ধাপের প্রার্থীরা রয়েছেন ভোটের মাঠে। ৪ জুনের মধ্যে আরও দুই ধাপে ভোট হবে।
প্রথম দুই ধাপের ভোটে জালিয়াতি, কেন্দ্র দখল ও সহিংসতার ঘটনায় কঠোর সমালোচনার মুখে পড়ে ইসি। প্রধান নির্বাচন কমিশনার সুষ্ঠু ভোটের জন্য সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘কিছু ঘটনার জন্য’ ইসির সামগ্রিক অর্জন ম্লান হয়ে যাচ্ছে।
শ্রীবর্দীর পৌর মেয়রের বিষয়ে ব্যবস্থা নিতে সুপারিশ
ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজে বাধা ও হুমকি দেওয়ার ঘটনায় শেরপুরের শ্রীবর্দীর পৌর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জেলা প্রশাসন।
মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আগে প্রশাসনিক তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইসিতে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম।
৩১শে মার্চ শেরপুরের শ্রীবরদী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। নির্বাচন চলাকালে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া যায় পৌর মেয়র আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য আবু সাইদের বিরুদ্ধে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবা শারমিনকে তিনি পরে হুমকিও দেন বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ আসে।
জেলা প্রশাসক বলেন, হুমকির কারণে ওই কর্মকর্তাকে আমরা বদলি করে দিয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে ইসিতে। পৌর মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি ইসির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে বলে জানান কমিশনের উপ সচিব সামসুল আলম। তিনি বলেন, আজ এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত দেবে।
এর আগে ইউপি ভোটে প্রভাব খাটানোয় এক সাংসদের বিরুদ্ধে মামলা এবং এক উপজেলা চেয়ারম্যানকে বরখাস্ত করে ইসি। অবশ্য গত পৌর নির্বাচনে একজন ইউএনওকে হুমকি দেওয়ার ঘটনায় সাংসদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে নালিশ করেও ইসি কোনো ব্যবস্থা নিতে পারেনি।