
নিউজ ডেস্কঃ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রচারণা নিয়ে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীসহ তার সমর্থকরা অপর প্রার্থীর সমর্থক জাহাঙ্গীর মিয়াকে (৪০) রগ কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে নিহতের মামী মাসুদা বেগম বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়াকে প্রধান আসামী করে মামলাটি দায়ের করেন। মামলায় শাহজাহান ভুইয়াসহ মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সহ আব্দুল জাব্বার মেম্বার, মতি, কাজল, আউয়াল, মিলনসহ ৩৪ জনকে নামীয় ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার পরিদর্শক (ওসি/তদন্ত) এবিএম মেহেদী মাসুদ জানান, গত সোমবার রাতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জাব্বার মেম্বারসহ তার লোকজন প্রতিপক্ষ আওয়ামী লীগের মনোনিত প্রার্থী তোফায়েল আহাম্মেদ আলমাছের সমর্থক জাহাঙ্গীর মিয়াকে গাছের সঙ্গে বেঁধে রেখে পায়ের রগ কেটে ও কুপিয়ে হত্যা করেছে এমন অভিযোগ এনে মাসুদা বেগম মামলাটি দায়ের করেন। এ ঘটনায় ফয়সাল মিয়া, মিলন মিয়া, সুমন মিয়া ও আউয়াল নামে চারজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ও মামলার আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভুইয়া বলেন, রাজনৈতিক ভাবে ঘায়েল করতে একটি পক্ষ আমাকে মামলায় জড়িয়েছেন।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে মুড়াপাড়া ইউনিয়ন নির্বাচনে প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী তোফায়েল আহাম্মেদ আলমাছসহ তার কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল জাব্বার মেম্বারসহ তার কর্মী সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন বড়ভিটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে মাসুদ মিয়া (২৫), রজব আলীর ছেলে রাজু মিয়া (২২), শাহজাহান মিয়ার ছেলে শাকিল মিয়া (২৭) ও ইলিয়াছ মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়াকে (৪০) বেঁধে রেখে রগ কেটে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মিয়া মারা যান। নিহত জাহাঙ্গীর মিয়া বড়ভিটা এলাকার ইলিয়াছ মিয়ার ছেলে।