News71.com
 Bangladesh
 14 Apr 16, 07:49 AM
 686           
 0
 14 Apr 16, 07:49 AM

এবার বর্ষবরণেও  ভিনদেশিদের সক্রিয় অংশগ্রহণ ।।

এবার বর্ষবরণেও  ভিনদেশিদের সক্রিয় অংশগ্রহণ ।।

নিউজ ডেস্কঃ পহেলা বৈশাখ বাঙালির উৎসবের দিনে আনন্দে শরিক হন ভিনদেশিরাও। অংশ নেন পহেলা বৈশাখ উদযাপনের বিভিন্ন অনুষ্ঠানে। আর তাই পহেলা বৈশাখ উদযাপনে তারাও প্রস্তুতি নেন আগে থেকেই। আজ বাংলা নতুন বছর বরণ উৎসবে মাতোয়ারা সারাদেশ। বাঙালির পোশাকে বৈশাখের চেনা অনুসঙ্গে ভিনদেশিরাও থাকবেন বর্ষবরণের আয়োজনে।

বর্ষবরণের আগে রাজধানীর বিভিন্ন বিপণি বিতানে দেখা গেছে বিদেশিদের। নিউ মার্কেটে শাড়ির দোকানে দেখা মেলে যুক্তরাষ্ট্রের নাগরিক মিজ টেরার সঙ্গে। টেরা বললেন পহেলা বৈশাখের দিন ভোরবেলায় শাড়ি চুড়ি পরে বের হবেন। বাংলাদেশে এটাই টেরার প্রথম পহেলা বৈশাখ। আর তাই উৎসাহের পরিমাণটাও একটু বেশি। টেরা বলেন তিনি বাংলাদেশে বেড়াতে এসে বাংলাদেশের পহেলা বৈশাখ সম্পর্কে তিনি তার বন্ধুদের কাছে শুনেছেন। আর তাই এবার সুযোগ যখন চলেই এসেছে তখন হাতছাড়া করতে নারাজ। টেরার বন্ধু ওউজা  একই কথা বলেন । ওউজার শাড়ি কেনা হয়ে গেছে আর তাই তিনি এখন খুঁজছেন চুড়ির দোকান। বাঙালি মেয়েদের হাতভর্তি লাল চুড়ি ওউজার অনেক পছন্দ।

কানাডিয়ান নাগরিক ফেইরিকে দেখা গেছে পাঞ্জাবি কিনতে। ফেইরির লাল রং অনেক পছন্দের আর তাই পাঞ্জাবির রং হিসেবে বেছে নিয়েছেন লালকেই। ফেইরি বলেন গত বছর পহেলা বৈশাখ আমার জন্য চমকপ্রদ ছিল। সেবারই প্রথম আমি এ উৎসব উদযাপন করেছি। বাংলাদেশে এসেছিলাম ওয়ার্ল্ড হেরিটেজ দেখতে আর তার কিছুদিন পরই ছিল পহেলা বৈশাখ। বাঙালি বন্ধুদের কাছ থেকে  ভালো আতিথেয়তা পেয়েছি। বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নেওয়ার সুযোগ হয়েছিল সেবার।  এবার কি করবো, এখনো ঠিক করিনি। তবে সেবারের মতোই এবারও  বন্ধুদের সঙ্গে ঘুরব। বাংলাদেশে অনেক বন্ধু আছে আমার। এত সুন্দর অয়োজন আমি সারা বিশ্বে কোথাও দেখিনি। চমৎকার বাংলা বলতে পারেন কানাডিয়ান এই নাগরিক। সঙ্গে থাকা তার বন্ধু হেইডেন বলেন, উৎসব হিসেবে পহেলা বৈশাখ আমার অনেক পছন্দ। ২০১৩ সালে দেখেছি  এ উৎসবে রঙের ছড়াছড়ি থাকে। সবাই কালারফুল পোশাক পরে ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ায়। মেয়েরা চুলে ফুল দেয়। দেখতে অনেক ভালো লাগে। এবার ভেবেছি  বন্ধুদের সঙ্গে সারা দিন ঘুরবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে পান্তা খাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেখা মেলে এক ঝাঁক বিদেশির। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পহেলা বৈশাখের আয়োজন দেখতে এসেছিন তারা। বলেছেন বংলাদেশ নিয়ে তাদের চমৎকার অভিজ্ঞতার কথা। এই দলটিতে ছিল ৩ জন ছেলে ও ৪ জন মেয়ে। সবার বয়স ২০ থেকে ২৮ এর মধ্যে। এই দলের প্রতিটি ছেলে মেয়েই এখন অপেক্ষার প্রহর গুনছেন পহেলা বৈশাখের। পহেলা বৈশাখ তাদের কাছে একদম নতুন একটি বিষয়। এর মধ্যে জাপানি নাগরিক ইয়ানতু অস্পষ্ট বাংলায় বললেন তার প্রস্তুতির কথা। বললেন লাল শাড়ি আর চুড়ি কিনেছেন। এখন শুধু পরার অপেক্ষা। বৈশাখের দিন শাড়ি চুড়ি পরে মাথায় ফুল দিয়ে অনেক ছবি তুলতে চান ইয়ানতু।

এদিকে রমনা বটমূলের অনুষ্ঠান, চারুকলা, টিএসসিতে বর্ষবরণের আজকের অনুষ্ঠানে অংশ নেবেন অনেক বিদেশি। প্রতিবছরই ঢাকায় অবস্থানরত বিদেশিরা এ অনুষ্ঠানে আসেন। এ ছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক ও দূতাবাস কর্মীরাও অংশ নেন নববর্ষের বিভিন্ন অনুষ্ঠানে। বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ছাড়াও বিভিন্ন পাঁচতারকা হোটেলে থাকছে সাংস্কৃতিক আয়োজন। এসব অনুষ্ঠানেও অংশ নেবেন উল্লেখযোগ্য সংখ্যক বিদেশিরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন