News71.com
 Bangladesh
 15 Apr 16, 01:40 AM
 644           
 0
 15 Apr 16, 01:40 AM

ট্যানারি স্থানান্তরে আরেকদফা সময় বৃদ্ধি ।।

ট্যানারি স্থানান্তরে আরেকদফা সময় বৃদ্ধি ।।

নিউজ ডেস্কঃ কয়েক দফা সময়সীমা বেঁধে দিয়েও সরকার হাজারীবাগ থেকে ট্যানারিগুলো সাভারের চামড়া শিল্প নগরীতে পাঠাতে পারছে না। এ অবস্থায় আবারও এক দফা সময় দিয়েছে সরকার। গত বুধবার ট্যানারি শিল্প মালিকদের সঙ্গে এক বৈঠকে হাজারীবাগ থেকে কারখানা সাভারের চামড়া শিল্প নগরীতে সরিয়ে নেওয়ার প্রস্তুতি শেষ করতে ৩০শে এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে শিল্প মন্ত্রণালয়। এ নিয়ে চূড়ান্ত পর্যায়ে এসেও চার দফা সময় বাড়ানো হলো। বৈঠক শেষে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোশারফ হোসেন ভূইয়া এ কথা বলেন । তবে ৩০শে এপ্রিল পর্যন্ত হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকবে কি-না তা স্পষ্ট করে কিছু বলেননি সচিব।

চলতি বছরের ১০ই জানুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, ট্যানারি সরিয়ে নিতে প্রথমে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন। এরপর ১লা এপ্রিল থেকে হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়। বসানো হয় পুলিশ পাহারা। ৩রা এপ্রিল নিষেধাজ্ঞা শিথিল করে ১০ই এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়। সর্বশেষ গতকাল, ৩০শে এপ্রিল পর্যন্ত প্রস্তুতি শেষ করার সময় দেওয়া হলো। এ ছাড়া ট্যানারি মালিকদের ক্ষতিপূরণ দেওয়ার নিয়ম ও জমির দামে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মোশারফ হোসেন ভূইয়া  বলেন, আমরা কারখানাগুলো সাভারে সরিয়ে নেওয়ার প্রস্তুতি বা প্রক্রিয়া শেষ করতে ৩০ এপ্রিল পর্যন্ত সময় দিয়েছি। ৩০ এপ্রিলের মধ্যে কেউ তা না করতে পারলে অবশ্যই তাকে ব্যবসা সাময়িক বন্ধ রাখতে হবে। যখন ওই কোম্পানি প্রক্রিয়া শেষ করবে তখন ব্যবসা শুরু করবে।

বৈঠক শেষে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দীন আহমেদ মহিন বলেন, কারখানা সরানো বিশাল কর্মযজ্ঞ। এক সপ্তাহে শেষ হওয়ার নয়। প্রথমে ওয়েট ব্লু পার্টটা নিয়ে যেতে চান তারা। এপ্রিল শেষে সরকারের সঙ্গে আবার বসবেন উল্লেখ করে তিনি বলেন, আর্থিক সীমাবদ্ধতা আছে। আবার রফতানি ধরে রাখতে হবে। বর্তমান মজুদ থেকে পণ্য তৈরি করে তারা ক্রেতা ধরে রাখছেন।বৈঠকে উপস্থিত একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ব্যবসায়ীরা কারখানা সরিয়ে নেওয়ার জন্য তিন মাসের সময় চেয়েছেন। শিল্প মন্ত্রণালয় দ্রুত কাজটি করতে চাচ্ছে।

এখন ৩০শে এপ্রিল পর্যন্ত ঘোষণা দিয়েছে। কিন্তু একটা অঘোষিত বার্তা আছে যে, কোরবানির কোনো চামড়া হাজারীবাগে যাবে না। এর আগেই সবাইকে সাভারে ওয়েট ব্লু করার প্রস্তুতি নিতে হবে ।

একই সঙ্গে শিল্প মালিকরা যাতে সাভারে যাওয়ার কাজটি দ্রুত করেন সে জন্য ক্ষতিপূরণের টাকা ছাড় করার নিয়মেও শিথিলতা আনার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি চামড়া শিল্পনগরীর জমির দাম কত হবে তাও পুনমুল্যায়ন করা হচ্ছে বললেন সচিব।

হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তরের জন্য ট্যানারি মালিকদের ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে সরকার। কোনো কারখানা কাজ শুরু করলে ক্ষতিপূরণের ২০ শতাংশ এবং একতলার ছাদ নির্মাণ শেষ হলে আরও ৪০ শতাংশ অর্থ ছাড় করার কথা। সচিব বলেন, 'এখন মালিকদের সুবিধার্থে ছাদের কাজ শেষ করার পরিবর্তে শুরু করলেও ক্ষতিপূরণের ৪০ শতাংশ অর্থ ছাড় করা হবে। এ ছাড়া সরকার যেহেতু কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার তৈরির ব্যয় ৬৮০ কোটি টাকা দেবে, সেহেতু প্রকল্পের জমির দামও মালিকদের জন্য পুনর্মূল্যায়ন করা হবে। এতে করে জমির দাম কমবে। এ মাসেই সাভার চামড়া শিল্পনগরীর জমির নিবন্ধন প্রক্রিয়া শুরু হবে। যারা আগে আসবেন জমির নিবন্ধন পাওয়ার বিষয়ে তারা অগ্রাধিকার পাবেন।

চামড়া প্রক্রিয়ার তিনটি ধাপ রয়েছে। এর মধ্যে প্রথম ধাপ হচ্ছে কাঁচা চামড়া থেকে ওয়েট ব্লু। চামড়া প্রক্রিয়ার ফলে পরিবেশের যে দূষণ হয় তার ৭০ ভাগই হয় এই পর্যায়ে। এর পরেই ওয়েট ব্লু থেকে ক্রাস্ট। এ পর্যায়েও দূষণ হয়। সবশেষে ফিনিশড লেদার তৈরির কাজ হয়। এই পর্যায়ে পরিবেশ দূষণ তেমন হয় না।

শিল্প মন্ত্রণালয় চাইছে, প্রথম ধাপের কাজটি এখন আর যাতে হাজারীবাগে না হয়। কিন্তু সাভারের শিল্প নগরীতে মালিকরা  কারখানা স্থাপনের কাজ শেষ করতে না পারায় তা সম্ভব হচ্ছে না। এ ছাড়া হাজারীবাগের কারখানাগুলোতে যে কাঁচা চামড়া মজুদ রয়েছে সেগুলোর কাজ এখান থেকেই করে নিতে চান ব্যবসায়ীরা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন