News71.com
 Bangladesh
 15 Apr 16, 10:15 AM
 618           
 0
 15 Apr 16, 10:15 AM

গন্ডামারায় নিহতদের পরিবারকে ৬০ লাখ টাকা অনুদান দিল সরকার ।।

গন্ডামারায় নিহতদের পরিবারকে ৬০ লাখ টাকা অনুদান দিল সরকার ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় বিদ্যুৎ কেন্দ্র নিয়ে সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা অনুদান দিয়েছে সরকার। আজ বিকেলে গন্ডামারায় গিয়ে নিহতদের স্বজনদের আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত ১১ জনের প্রত্যেক পরিবারকে ১ লাখ টাকার চেক দেওয়া হয়।

আজ বিকেলে জেলা প্রশাসক বাঁশখালীর গন্ডামারায় নিহতদের বাড়ি যান। এ সময় জেলা প্রশাসকের সাথে জেলা পুলিশ সুপার হাফিজ আকতার, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান, এস আলম গ্রুপের পরিচালক শহীদুল আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ওসি স্বপন কুমার মমজুমদার, স্থানীয় চেয়ারম্যান প্রমুখ উপস্থিত ছিলেন। তারা প্রথমে নিহতদের কবর জেয়ারত করেন।

এসময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগণের ক্ষতি হয় এমন কোন কাজ সরকার করবে না। বাঁশখালীতে গুলি করে মানুষ মেরে সরকার বিদ্যুৎ কেন্দ্র করবে না। বিদ্যুৎ কেন্দ্র যদি করতেই হয় তবে গন্ডামারাবাসীকে সন্তুষ্ট করে এবং পরিবেশের ক্ষতি না করেই বিদ্যুৎ কেন্দ্র করা হবে।

জেলা প্রশাসক আরও বলেন, অনেকে বলছেন এখানে কয়লা বিদ্যুৎ কেন্দ্র হলে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাবে। এগুলো ভুল কথা। আধুনিক প্রযুক্তির কল্যাণে কয়লা বিদ্যুৎ কেন্দ্রে আগের মতো ধোঁয়া বের হয় না।

এর আগে বুধবার বিকেলে গন্ডামারা ইউনিয়ন বাঁচাও আন্দোলনের উদ্যোগে গন্ডামারা হাদির পাড়া সাইক্লোন সেন্টার মাঠে অনুষ্ঠিত সমাবেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহতদের পরিবারকে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণসহ ৯ দফা দাবি দেয়া হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন বাঁশখালীর সাবেক সাংসদ মাহমুদুল ইসলাম চৌধুরী। এসব দাবি পূরণের পর বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়ন হলে জনগণ যদি মনে করে এর মাধ্যমে এলাকার উন্নয়ন হবে তবে এটি নির্মাণে বাধা দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন