
নিউজ ডেস্ক: দেশের বাইরের থেকে আন্তর্জাতিক চাপ ও রাজনীতির গুমোট পরিস্থিতির অবসানে দ্রুত নির্বাচন দিতে পারে সরকার। এখন না হলেও ২০১৯ সালে মেয়াদ পূরণের আগেই নির্বাচন দেওয়ার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। এর মধ্যে সুবিধাজনক যেকোনো সময় নির্বাচন দিয়ে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে পশ্চিমা আন্তর্জাতিক গোষ্ঠীকে দেওয়া প্রতিশ্রুতির কিছুটা রক্ষার কথা ভাবছে সরকার ।
নির্ধারিত সময়েই নির্বাচন হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে এমন বক্তব্য দিলেও আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায় মেয়াদ পূর্তির আগেই যেকোনো সময় নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। সরকারের কট্টর সমর্থক হিসেবে পরিচিত একটি গুরুত্বপূর্ণ দেশের চাওয়াও এ রকমই। আওয়ামী লীগ ও সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নেতা-মন্ত্রী নাম না প্রকাশের শর্তে এমনটা বলেছেন ।
নেতাদের মতে, নির্বাচনে নিশ্চিত জয় পাওয়া যাবে, এমন একটি সুবিধাজনক সময় খুঁজছে সরকারের নীতিনির্ধারণী উচ্চ পর্যায়। এ সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার কিছু আগে হলেও একটি আগাম নির্বাচন দেওয়া হতে পারে। কারণ প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে বাইরে রেখে আরেকটি জাতীয় নির্বাচনের পুনরাবৃত্তি কারো জন্যই ভালো ফল বয়ে আনবে না। তবে আগাম নির্বাচনের জন্য বিএনপিকে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছাড়তে হবে ।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর একজন সদস্য বলেন, ‘আমাদের সবচেয়ে কট্টর সমর্থক দেশের প্রধানমন্ত্রী চান, আমরা যেন একটি আগাম নির্বাচন দিই। তাঁর এ ধরনের মনোভাব আমাদের সরকারের উচ্চ পর্যায়ে জানানো হয়েছে। তিনি (ওই দেশের প্রধানমন্ত্রী) চান, শেখ হাসিনাই প্রধানমন্ত্রী থাকুক, কিন্তু একটি আগাম নির্বাচন হোক। কারণ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে একটি কমিটমেন্ট করা হয়েছিল। তবে সে নির্বাচন এখনই দিতে হবে তিনি (ওই প্রধানমন্ত্রী) এমনটা বলেননি ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই আওয়ামী লীগ নেতা আরও বলেন, প্রতিশ্রুতি রক্ষায় সরকারকে একটি আগাম নির্বাচনের দিকেই যেতে হবে। সেটি মেয়াদ পূরণের ছয় মাস আগে হলেও। কারণ এ বছরের মাঝামাঝি থেকেই আগাম নির্বাচনে দেশীয় ও আন্তর্জাতিক চাপ বাড়বে । যদিও আমাদের গুরুত্বপূর্ণ অনেক নেতাই আগাম নির্বাচনের বিরুদ্ধে। কিন্তু একটি গুমোট পরিস্থিতি দূর করে ইতিবাচক রাজনীতি শুরু করতে না পারলে গণতন্ত্রের বিপদ কাটবে না ।
ক্ষমতাসীন দল ও সরকারের সূত্রগুলো বলেন, সম্প্রতি দেয়ালে পিঠ ঠেকে যাওয়া বিএনপি তাদের রাজনৈতিক দুর্দশা কাটিয়ে উঠতে মিত্র দুই-তিনটি দেশকে বড় ধরনের চাপ দিয়েছে। ফলে ওই দেশগুলো আগাম নির্বাচনের বিষয়ে বেশ কিছুদিন চুপ থাকলেও এখন আবার সক্রিয় হয়ে উঠছে। আন্তর্জাতিক বিভিন্ন লবি রক্ষা করে চলেন, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এমন নেতাদের ওপর ওই দেশগুলো নানাভাবে চাপ সৃষ্টি করছে ।