News71.com
 Bangladesh
 16 Apr 16, 10:56 AM
 672           
 0
 16 Apr 16, 10:56 AM

'জাতিসংঘের উচিত ট্রাইব্যুনালের পাশে দাঁড়ানো' ।।

'জাতিসংঘের উচিত ট্রাইব্যুনালের পাশে দাঁড়ানো' ।।

নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনের দেওয়া বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ)।

গত বুধবার আইসিএসএফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে বলা হয়, 'গত ৮ এপ্রিল ২০১৬ জাতিসংঘ মানবাধিকার হাই-কমিশন ("হাই কমিশন) এর পক্ষ থেকে প্রতিষ্ঠানটির মুখপাত্র রাভিনা শামদাসানি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগ দ্বারা মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্তকৃত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী এবং মীর কাশেম আলীর দণ্ডাদেশের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি প্রদান করেন। ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (আইসিএসএফ) জাতিসংঘের এই বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।'

হাইকমিশনের ওই বিবৃতিকে বিভ্রান্তিকর উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এই দুই যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে নাকি জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারের সনদ (আইসিসিপিআর)-এ বিধৃত বিচারের মানদণ্ড অনুসরণ করা হয়নি। হাই-কমিশনের এই দাবীটি সত্য নয়, কারণ, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ এবং ট্রাইব্যুনালের কার্যবিধিই অনুসরণ করা হয়েছে এই দুই অপরাধীর ক্ষেত্রে, যা কার্যত আইসিসিপিআর-এ বিধৃত কথিত সে মানদণ্ডেরই প্রতিফলন।'

এ প্রসঙ্গে আইসিএসএফের পক্ষ থেকে আরও বলা হয়, "হাই-কমিশনের বিবৃতিতে 'সকল পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিরুদ্ধাবস্থান' ব্যক্ত করা হয়েছে, এমনকি 'বিচারের সর্বোচ্চ মানদণ্ড অনুসরণ করা হয়ে থাকলেও'। জাতিসংঘ মানবাধিকার হাই-কমিশন এর এই কথিত অবস্থান শুধু অসত্য ও বিভ্রান্তিকরই নয়, তা জাতিসংঘের নিজেরই বিধৃত মানবাধিকার আইনের সাথেই অসঙ্গতিপূর্ণ। কারণ, আইসিসিপিআর এর অনুচ্ছেদ ৬(২)-তে এর ঠিক বিপরীত অবস্থানই ব্যক্ত করা রয়েছে।"

আইসিএসএফের পক্ষ থেকে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনকে তাদের আপত্তিকর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করারও আহ্বান জানানো হয়। সেইসঙ্গে এই বিচার প্রক্রিয়াকে সহায়তাকল্পে জাতিসংঘ যেন বাংলাদেশের সরকার, ট্রাইব্যুনাল এবং ১৯৭১ এর ভিকটিমদের পক্ষে সক্রিয় নাগরিক সংগঠনগুলোর (যেমন: আইসিএসএফ) সাথে নিবিড়ভাবে কাজ করে–যাতে করে পলাতক অপরাধীদেরও (যেমন: পাকিস্তানী যুদ্ধাপরাধী) বিচারের আওতায় আনা সম্ভব হয়।

এটি জাতিসংঘের নৈতিক ও আইনগত দায়িত্ব এবং ম্যানডেটেরই অংশ বলে আইসিএসএফ মনে করে বলেও ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন