
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরে এক স্কুলছাত্রীকে কৌশলে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে দাসেরহাট বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন যুবলীগ নেতা জামাল উদ্দিনের বিরুদ্ধে।গত শনিবার রাত ৮টা দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধিন দাসেরহাট বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাল উদ্দিন পলাতক রয়েছে। সে দাসেরহাট বাজারের পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামের আবদুল হাসিমের পুত্র।
খবর পেয়ে পুলিশ ভিকটিম স্কুলছাত্রীকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভিকটিমকে প্রাথমিকভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ধর্ষিত স্কুলছাত্রীর ভাই আজ সকালে অভিযুক্ত জামাল উদ্দিনকে আসামি করে মামলা দায়ের করেছেন। চন্দ্রগঞ্জ থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ভিকটিমের বড়বোন জানান, সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের রূপাচরা সফিউল্যা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ওই ছাত্রী খাতা-কলম কেনার জন্য বাড়ি সংলগ্ন দাসেরহাট বাজারে যায়। পরে সে খাতা ও কলম কিনে বাড়ি ফেরার পথে তার দুঃসম্পর্কের জেঠাতো ভাই স্থানীয় যুবলীগ নেতা জামাল উদ্দিন তাকে কৌশলে বাজারস্থ তার বাসায় ডেকে নিয়ে যায়। একপর্যায়ে লম্পট জামাল তাকে জোরপূর্বক ধর্ষণ করে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি ধমকি দেয়। পরে বিষয়টি জানাজানি হলে পালিয়ে যায় জামাল। খবর পেয়ে পুলিশ ভিকটিমকে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। এদিকে অভিযুক্ত জামাল প্রভাবশালী হওয়ায় চরম নিরাপত্তাহীনতায় ভূগছেন ভিকটিমের পরিবার।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আনোয়ার হোসেন জানান, প্রাথমিকভাবে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। ধর্ষিত ছাত্রীকে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান এই চিকিৎসক।
দাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ গণেশ চন্দ্র শীল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ দিকে সদর উপজেলা (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবলীগ নেতা জামাল উদ্দিন দলীয় কোনো পদে নেই। তবে সে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেন। যুবলীগের এই নেতা বলেন, কারো ব্যক্তিগত অপকর্মের দায় দল বহন করবেনা।