
নিউজ ডেস্কঃ রক্ষা করা গেল না বগুড়ার ঐতিহ্যবাহী ও প্রাচীন স্থাপনা নওয়াব প্যালেসটি। সংস্কৃতি কর্মী ও সুধীজনের আন্দোলন, জেলা প্রশাসনের প্রতিশ্রুতি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রায় দেড়শ' বছরের প্রাচীন ওই প্যালেসটি বিক্রি করলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মরহুম সৈয়দ মোহাম্মদ আলীর দুই ছেলে সৈয়দ হাম্মাদ আলী ও সৈয়দ হামদে আলী। অপর এক ভাই মাহমুদ আলী এবং এক বোন মাহমুদা আলীকে না জানিয়েই তারা শহরের সূত্রাপুর মৌজায় এক দশমিক ৫৫ একর জায়গাসহ প্যালেসটি বগুড়ার তিন শীর্ষ ব্যবসায়ীর নামে দলিল করে দিয়েছেন।
এ তিনজন ক্রেতা হলেন- বগুড়া চেম্বারের সভাপতি মাছুদার রহমান মিলন, সহসভাপতি শফিকুল হাসান জুয়েল ও সাবেক সহসভাপতি আবদুল গফুর। বগুড়া রেজিস্ট্রি অফিস থেকে নিয়োগ করা কমিশন গত শুক্রবার ঢাকায় গিয়ে দলিলে দুই ভাইয়ের স্বাক্ষর নেয়।
বগুড়া সদর রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার এসএম সোহেল রানা বলেন, ছুটির দিনে দলিল স্বাক্ষরিত হলেও তা অফিসিয়ালি রেজিস্ট্রি হয়েছে ১৭ই এপ্রিল রবিবার। দলিলে নওয়াব প্যালেসসহ এক দশমিক ৫৫ একর জায়গার ক্রয়মূল্য উল্লেখ করা হয়েছে ২৭ কোটি ৪৫ লাখ ৭ হাজার টাকা।
ক্রেতাদের একজন হাসান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল হাসান জুয়েল বলেন, গত ১৫ই এপ্রিল কমিশনের মাধ্যমে ঢাকায় দলিল সম্পাদন হয়েছে। প্যালেসটি ওয়াক্ফ সম্পত্তি এবং সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার দাবিতে সংস্কৃতি কর্মী, সুধীজনের আন্দোলন সত্ত্বেও সেটি কিনে নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, যারা মালিক তারা তো বিক্রি করেছেন। তাছাড়া প্যালেসটি বিক্রির ক্ষেত্রে আইনগত কোনো বাধাও ছিল না।
গতকাল রোববার দুপুর প্যালেসে দেখা গেছে, সবকিছু আগের মতোই। প্যালেসের অ্যামিউজমেন্ট পার্কে দর্শনার্থীদের যাতায়াত ছিল স্বাভাবিক। প্যালেসের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম খান লজে বলেন, এটি বিক্রি হয়ে যাওয়ার খবরটি তিনিও শুনেছেন। তবে এখনও নিশ্চিত হতে পারেননি।
সংশ্লিষ্ট সূত্র বলেন, প্যালেসটি বিক্রির ক্ষেত্রে এতটাই গোপনীয়তার আশ্রয় নেওয়া হয় যে, রেজিস্ট্রি অফিসের বাইরে সরকারি অন্য কোনো দপ্তর এমনকি খোদ বগুড়া জেলা প্রশাসনও বিষয়টি জানে না। এ সম্পর্কে বগুড়ার জেলা প্রশাসক আশরাফ উদ্দিন এক প্রতিবেদককে বলেন, আপনার কাছেই প্রথম শুনলাম। তবে গতকাল দুপুরের পর নওয়াব প্যালেসের বিক্রির খবরটি জানাজানি হলে সংস্কৃতি কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা প্যালেসটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার দাবিতে ফের আন্দোলন গড়ে তোলার কথা বলছেন।
এর আগে সংস্কৃৃতি কর্মীদের আন্দোলনে সংহতি জানাতে কানাডা থেকে ছুটে আসেন মোহাম্মদ আলীর ছোট ছেলে মাহমুদ আলী চৌধুরী। গত ১৪ই জানুয়ারি বগুড়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি ঐতিহ্যবাহী নওয়াব প্যালেস ও মিউজিয়াম রক্ষায় সরকারের হস্তক্ষেপ দাবি করেন।
বগুড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বলেন, সংস্কৃতি কর্মীদের দাবির পরিপ্র্রেক্ষিতে তারা প্রাচীন নওয়াব প্যালেসটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার একটি প্রস্তাবনাও অনুমোদনের জন্য পাঠিয়েছেন। বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না নওয়াব প্যালেস বিক্রির ঘটনাকে দুঃখজনক আখ্যা দিয়ে বলেন, আমরা আজই (গতকাল) এ খবরটি শুনলাম। অথচ প্যালেসটি রক্ষার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। জেলা প্রশাসন এমনকি সংস্কৃতি মন্ত্রণালয় থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তার পরও সেটি গোপনে বিক্রি করা হলো। তবে আমরা প্যালেসটিকে সংরক্ষিত পুরাকীর্তি ঘোষণার দাবিতে আন্দোলন চালিয়ে যাব।
এ বিষয়ে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন, সরকারি নির্দেশ পাওয়া গেলে বিক্রি হলেও এটি সরকারিভাবে সংরক্ষণ করা সম্ভব।