
নিউজ ডেস্ক : টাঙ্গাইলের সরকার দলীয় সাংসদ আমানুর রহমান একটি খুনের মামলার পলাতক আসামি। তিনি আদালতে আত্মসমর্পণ না করে মামলা পুন:তদন্তের আবেদন জানিয়েছেন । বিষয়টির আইনগত বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে ।
জানাগেছে টাঙ্গাইলের সরকারদলীয় সাংসদ আমানুর রহমান খান (রানা) একটি খুনের মামলার পলাতক আসামি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি আত্মসমর্পণ করছেন না, পালিয়ে বেড়াচ্ছেন গত প্রায় দেড় বছর ধরে। সম্প্রতি এই পলাতক সাংসদ তার বিরুদ্ধে আনিত খুনের মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে না পাঠিয়ে পুনঃতদন্ত করার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছেন।
উল্লেখ্য সাংসদ আমানুর একা নন, তাঁরা চার ভাই ফারুক আহমেদ হত্যা মামলার আসামি। নিহত ফারুক স্থানীয় আওয়ামী লীগের নেতা ও মুক্তিযোদ্ধা ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলেই পুলিশ তদন্ত শেষে এই মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে।
গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও খুনের মামলার আসামি আত্মসমর্পণ না করে সরকারের কাছে মামলা পুনঃতদন্তের আবেদন করতে পারেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন পুনঃতদন্ত হচ্ছে আদালতের সিদ্ধান্ত। বিচারাধীন মামলার বিষয়ে আদালতই সিদ্ধান্ত দেবেন। কিন্তু কথা হলো, এ ধরনের পুন:তদন্ত করতে গেলে আসামিকে অবশ্যই আদালতে আত্মসমর্পণ করতে হবে। আসামি সাংসদ হলেও কোনোভাবেই মন্ত্রীর কাছে এ ধরনের আবেদন করে আধা সরকারি পত্র বা চিঠি দিতে পারেন না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো পত্রে সাংসদ আমানুর রহমান লিখেছেন, ফারুক আহমেদ আততায়ীর হাতে নিহত হন। এই নির্মম হত্যার দায় প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা বিএনপি-জামায়াতের অনুগত এবং অনুচরের। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে পূর্বপরিকল্পিতভাবে তাঁর ও তাঁর ভাইদের ওপর এর দায়ভার চাপানো হয়েছে।
পত্রে আরও বলা হয়েছে, সাংসদ বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছেন, হত্যা মামলাটি দ্রুত বিচার আদালতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা। তিনি দাবি করেন, তাঁদের কাছে থাকা তথ্য সুনিশ্চিতভাবে প্রমাণ করবে যে, তিনি ও তাঁর পরিবার এ হত্যায় মোটেও জড়িত নন। তাঁরা ষড়যন্ত্রের শিকার। ন্যায়বিচারের স্বার্থে মামলাটি দ্রুত বিচারে না দিয়ে পুনঃতদন্ত করে প্রকৃত হত্যাকারীদের বিচারের মুখোমুখি করার অনুরোধ জানান তিনি।
সাংসদ ও তাঁর তিন ভাইকে আসামি করে ফারুক হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয় এ বছরের ৩ ফেব্রুয়ারি। এরপর ৬ এপ্রিল সাংসদ ও তাঁর তিন ভাইসহ পলাতক ১০ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন টাঙ্গাইলের সদর উপজেলা আমলি আদালত।
সাংসদের তিন ভাই হলেন টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান (মুক্তি), ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান (কাকন) এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান (বাপ্পা)। অন্য ছয় আসামি হলেন আমানুরের ঘনিষ্ঠ সহযোগী কবির হোসেন, স্থানীয় গ্লোবাল ট্রেনিং সেন্টারের দারোয়ান বাবু মিয়া, যুবলীগের তৎকালীন তিন নেতা আলমগীর হোসেন (চাঁন), নাসির উদ্দিন (নুরু) ও ছানোয়ার হোসেন এবং সাবেক পৌর কমিশনার মাছুদুর রহমান।
ফারুক টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। একাত্তরে মুক্তাঞ্চল থেকে প্রকাশিত রণাঙ্গন নামের একটি পত্রিকার সহসম্পাদক ছিলেন তিনি। পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ‘প্রতিরোধযুদ্ধে’ অংশ নিয়ে পঙ্গু হন তিনি।
সাংসদ আমানুরের চিঠির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘হত্যা মামলার পুনঃতদন্তের বিষয়ে আমানুর রহমান খানের একটি আবেদন পেয়েছি। আমরা যাচাই-বাছাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত দেব।’ আবেদনপত্র সাংসদ নিজে মন্ত্রণালয়ে দিয়ে গেছেন কি না, জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বোধ হয় ডাকযোগে পাঠিয়েছেন।