News71.com
 Bangladesh
 18 Apr 16, 06:37 AM
 791           
 0
 18 Apr 16, 06:37 AM

দুর্নীতি মামলা স্থগিত করার আবেদন খালেদার  ।।

দুর্নীতি মামলা স্থগিত করার আবেদন খালেদার  ।।

নিউজ ডেস্কঃ বিচারিক আদালতে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মাললার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সঙ্গে তদন্তকারী কর্মকর্তা হারুন-অর-রশীদের বিষয়ে বিচারিক আদালতের দেয়া আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদনও করেছেন খালেদা জিয়া। আজ দুপুরে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী রাগিব রউফ চৌধুরী।

আজ বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর ডিভিশন বেঞ্চে এ আবেদনটি শুনানির জন্য উত্থাপন করা হয়। কিন্তু আদালত এ আবেদনটি আগামীকাল আদালতে উপস্থাপন করতে বলেন।

এর আগে গতকাল ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদার পুনরায় তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণের আবেদন ও তদন্ত কর্মকর্তাকে আবারও জেরা করার আবেদন খারিজ করে দেন।

মামলার নথি থেকে দেখা যায়, ২০০৫ সালে কাকরাইলে সুরাইয়া খানমের কাছ থেকে শহীদ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-এর নামে ৪২ কাঠা জমি ক্রয় করা হয়। কিন্তু জমির দামের চেয়ে অতিরিক্ত এক কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা জমির মালিককে দেওয়া হয়েছে বলে কাগজপত্রে দেখানো হয়, যার কোনো বৈধ উৎস ট্রাস্ট দেখাতে পারেনি।

জমির মালিককে দেওয়া ওই অর্থ ছাড়াও ট্রাস্টের নামে মোট ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। ২০১০ সালের ৮ই আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ ৪ জনের নামে তেজগাঁও থানায় দুর্নীতির অভিযোগে এ মামলা করেছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ। বর্তমানে মামলাটি ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে রয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে মামলা স্থগিত চেয়ে খালেদা জিয়া হাইকোর্টে আবেদন করলেও আদালতের তেমন  কোন সাড়া পাননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন