News71.com
 Bangladesh
 18 Apr 16, 08:49 AM
 3193           
 0
 18 Apr 16, 08:49 AM

খুলনা ৬ আসনের সাংসদ নুরুল হক কর্তৃক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ।। বিচার হবে কি সাংসদের ?

খুলনা ৬ আসনের সাংসদ নুরুল হক কর্তৃক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন ।। বিচার হবে কি সাংসদের ?

নিউজ ডেস্ক : খুলনার পাইকগাছা-কয়রার ( ১০৪ খুলনা ৬ ) বিতর্কিত সাংসদ অ্যাডভোকেট শেখ মোহাম্মদ নুরুল হক ও তার বাহিনীর বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা'র রিপোর্ট সরকারের উচ্চ পর্যায় পৌছেছে । জানাগেছে বহু বিতর্কিত কাজের জন্য সরকার দলীয় সাংসদ শেখ নুরুল হক বার বার আলোচনার ও সংবাদ পত্রের শিরোনাম হয়েছেন । তার এ সকল কাজের জন্য খোদ প্রধান মন্ত্রীই বিরক্ত । এ ভাবে বার বার খুলনা ৬ আসনের সাংসদ কর্তৃক মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। মাত্র কয়েকমাস আগে এ বছরের শুরুতেই পাইকগাছা পৌর আওয়ামিলীগ নেতা আব্দুল আজিজের বসত বাড়ী দখলের পর ক্ষুব্ধ প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। তার রেশ কাটতে না কাটতে আবার জড়ালেন ইটভাটা দখলের ঘটনায় । সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সুত্র জানায় দক্ষিনাঞ্চলের এই বিতর্কিত সাংসদ নুরুল হককে তার বিতর্কিত কাজকর্মের জন্য প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 'গনভবন'ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবাঞ্চিত করা হয়েছে।

উল্লেখ্য খুলনার পাইকগাছার চাঁদখালীতে বিরোধপূর্ন এস,কে, ব্রিকস্ জিগজ্যাগ ইটের ভাটায় দখল পাল্টা দখল, হামলা-ভাংচুর, মার-পিটে ৫ জন মারাত্মক আহতের ঘটনায় আবারও সামনে এসেছে সাংসদ নুরুল হক, তার পুত্র মনিরুল সহ তার ক্যাডারসহ বাহিনীর নাম । এ বিষয়টি বর্তমানে পাইকগাছা কয়রা সহ দক্ষিনাঞ্চলের আলোচনার বিষয়বস্তুতে পরিনত হয়েছে । ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত ও মদদ দাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রনালয় পুলিশকে কঠোর নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে। একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, শনিবারের এ সহিংস ঘটনার পিছনে পাইকগাছা-কয়রার এম,পি এ্যাড. শেখ মোঃ নূরুল হক ও তার পুত্র শেখ মনিরুল ইসলামের সম্পৃক্ত থাকার বিষয়টি পুলিশ সংশ্লিষ্ট দপ্তরে জরুরী বার্তা প্রেরণের পর মন্ত্রনালয় এ নির্দেশনা দিয়েছেন।

এ ঘটনায় প্রশাসন, সরকারের উচ্চ মহল বিব্রতকর অবস্থায় রয়েছে বলে সূত্র জানিয়েছে। এদিকে পুলিশ এম,পির পক্ষের লোকখ্যাত বিএনপির চিহ্নিত সন্ত্রাসী আযম খান গংদের দায়েরকৃত মিথ্যা মামলা থানায় গ্রহণ না করায় গতকাল চাঁদখালীর হাচিমপুরের আবুল কালাম খানের ছেলে জনৈক শাহিন খান প্রতিপক্ষ বাবু গাইনকে ১নং আসামী করে পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে চাঁদাবাজী সহ বিভিন্ন অভিযোগে পাল্টা মামলা করেছেন। আদালতের বিচারক গাজী জামশেদুল হক মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে এফ,আই,আরের নির্দেশ নিয়েছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন এমপি বাহিনীর হামলায় গুরুতর আহত বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জয়দেব মন্ডল, মনিশংকর মন্ডল, পরাগ মোল্যা, মাছুম সরদার ও রুহুল আমিন সহ ১৫ ব্যক্তি।

উল্লেখ্য এমপি নরুল হক, তার পুত্র মনিরুল ও তাদের ক্যাডার বাহিনীর হামলায় আহত ইট ভাটা ম্যানেজার জয়দেব মন্ডল সহ ৬ জনকে মারপিঠ করে নিজ বাড়ীতে আটক রাখেন সাংসদ। সেখানে প্রায় ৬ ঘন্টা ধরে চলে তাদের উপর অমানুষিক অত্যাচার । পুলিশের উর্ধতন কতৃপক্ষের নির্দেশে পাইকগাছা থানার ওসি তদন্ত আলমগীর পুলিশ বাহিনী নিয়ে সন্ধ্যায় পুলিশ তাদের এমপির ডেরা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ।

এ ঘটনায় আহত জয়দেব হাসপাতালে চিকিত্সাধীন অবস্হায় থানাতে মামলা দাখিল করলে পুলিশ মামলাটি আমলে নেয় । এ মামলায় এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মুল আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি (তদন্ত) আলমগীর কবীর জানিয়েছেন।

এদিকে কয়রা উপজেলা আইনশৃঙ্খলা সভায় আজ এমপি নুরুল হক তার অপকীর্তির কথা প্রকাশ্যে আবারও বলেছেন । তিনি বলেছেন উল্লেখিত বিবাদমান ইটভাটাটি তিনি ও তার লোকজন গতকাল দখল করে একটি পক্ষকে বুঝিয়ে দেন। সেখানে তিনি বাবু গাইন নামের যুবলীগ নেতাকে ধরতে যান বলে জানান সাংসদ। তিনি দম্ভের সাথে বলেন "গতকাল বাবু গাইন পালিয়ে জীবন বাচিয়েছে।

প্রশ্ন হচ্ছে এভাবে ফিল্মি স্টাইলে গুন্ডাগিরি করে গায়ের জোরে ইট ভাটা জবর দখল করা কি সংসদ সদস্যের কাজ? অন্যদিকে বাবু গাইন অপরাধী হলেও সাংসদ তার বাহিনী নিয়ে তাকে কি ধরে আনতে পারেন ? তিনি কি আইন হাতে তুলে নিয়ে কাউকে মারপিঠ করতে পারেন ? নিজের বাড়ীর টর্চার সেলে ৬ ঘন্টারও বেশী সময় আটকে রেখে নির্যাতন করতে পারেন ? যেখানে মানবাধিকার আইনে স্পষ্ট বলা আছে জনতা-জনতা মারামারি করলে সেটা ফৌজদারি অপরাধ আর সরকারি বাহিনী বা জনপ্রতিনিধি কর্তৃক কেউ নিগৃহীত হলে সেটা মানবাধিকার লঙ্ঘন । তাহলে সাংসদ কি মানবাধিকার লঙ্ঘন করেননি ? সত্যিই কি বিচার হবে সাংসদের নুরুল হকের এ সকল অপকীর্তির ? চুপ করে থাকবে কি মানবাধিকার কমিশন ?

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন