News71.com
 Bangladesh
 20 Apr 16, 07:09 AM
 724           
 0
 20 Apr 16, 07:09 AM

ভারতের মাটিতে রাখাল মরলে সীমান্ত সীলগালা ।।

ভারতের মাটিতে রাখাল মরলে সীমান্ত সীলগালা ।।

নিউজ ডেস্কঃ বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন বলেছেন, ভারত থেকে বৈধ ভাবে গরু ও মহিষ আমদানীতে কোন বাধা নেই। তবে বাংলাদেশের কোন রাখাল ভারতের মাটিতে গিয়ে গরু-মহিষ আনতে পারবে না। যারা যাবে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি অবৈধ ভাবে কোন রাখাল ভারতে যাওয়ার পর বিএসএফ -এর গুলিতে মৃত্যু হলে সীমান্ত সীল করে দেওয়া হবে । রাজশাহীতে সাংবাদিক ও গরু ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন ।

তিনি বলেন, ভারতীয় রাখালরা জিরো পয়েন্ট গরু নিয়ে আসবে। আপনারা সেখান থেকে গরু নিয়ে করিডোর করবেন। গরুর পরিবর্তে দেশের কোন মূল্যবান সম্পদ ভারতের সাথে বিনিময় করা যাবে না। একই সাথে অস্ত্র, বিস্ফোরক ও মাদক দ্রব্য পাচার থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, এক শ্রেণীর ব্যবসায়ী গরু ও মহিষের আমদানী কমের অজুহাতে দাম বাড়াচ্ছে। অথচ ২০১৫ সালের ১২ মাসে ভারত থেকে যত গরু আমদানী হয়েছে তার চার গুন আমদানী হয়েছে গত ৩ মাসে। তিনি একটি পরিসখ্যান তুলে ধরে বলেন, ২০১৫ সালে ২ লাখ ৩৬ হাজার ৫২৫টি গরু এসেছে। রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৮২ লক্ষ ৬৫ হাজার টাকা। আর এবছরের তিন মাসে এসেছে ২ লাখ ৭ হাজার ৪৯২টি গরু। রাজ্স্ব আয় হয়েছে ১০ কোটি ৩৭ লক্ষ ৪৬ হাজার টাকা ।

তিনি আরও বলেন, বর্তমানে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য এসেছে যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় যে সমস্ত অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ব্যবহৃত হচ্ছে সেগুলো প্রতিবেশী দেশ থেকে আসছে এবং এগুলো বাংলাদেশী রাখাল সেজে ভারত থেকে নিয়ে আসছে। আর সেজন্যই সাম্প্রতিককালে আমরা বাংলাদেশ থেকে ভারতে রাখাল যাওয়া সম্পূর্ণ রুপে নিষিদ্ধ করছি ।

রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ জাকির হোসেন বলেন, বিজিবির কাছে আরও তথ্য আছে যে, বর্তমানে প্রায় ৩,৫০০-৪,০০০ বাংলাদেশী রাখাল ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পূর্বে বিপুল সংখ্যক রাখালের ভারতে অনুপ্রবেশ বিজিবিকে আতঙ্কিত করে তুলেছে। তাই আমরা সীমন্তে টহল জোরদার করেছি যাতে এ সকল রাখাল ফেরত আসার সময় আমরা ব্যাপকভাবে তল্লাশী চালাতে পারি। তারা যাতে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জাতীয় দ্রব্য প্রতিবেশী দেশ থেকে আনতে না পারে ।

তিনি বলেন, এদের মধ্যে অনেকেই আবার মাদক ব্যবসার সাথে জড়িত। ফেন্সিডিলের ছোট ছোট বস্তা গরু/মহিষের গায়ে বেঁধে ভারত থেকে নিয়ে আসে। গত বৎসর ভারত হতে সীমান্ত পথে আসার সময় বিজিবি ৩১ টি পিস্তল, ৪২ টি পিস্তলের ম্যাগাজিন, ১২২ রাউন্ড গোলাবারুদ, ৮.২ কেজি গান পাউডার এবং ২টি শর্টগান উদ্ধার করেছে। চলতি বৎসর ৩ মাসে ৪ টি পিস্তল, ২ টি শর্টগান এবং ১২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বিজিবি ।

তিনি আরও বলেন, গত ২০১৫ সালে বিএসএফ কর্তৃক বাংলাদেশী রাখাল মর্মান্তিক এবং নৃশংসভাবে নিহত হয়েছিল মোট ১২ জন এবং আহত হয়েছিল ১৩ জন, গ্রেপ্তার হয়েছিল ৬০ জন এবং অপহরণ হয়েছে ৩ জন। বিজিবির নিবিড় নজরদারী, নিরলস সীমান্ত টহল এবং প্রতিপক্ষ বিএসএফ এর সাথে সম্পর্ক উন্নয়নের কারণে তা কাটিয়ে আনতে সক্ষম হয়েছে। চলতি বৎসর গত ৩ মাসে নিহতের ঘটনা ঘটেছে মাত্র ২টি এবং আহত হয়েছে ২ জন। বিজিবি কখনোই চাই না যে, আমাদের কোন বাংলাদেশী বিএসএফ এর গুলিতে নিহত হউক। মতবিনিময় সভায় গরু ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও হয়রানীর কথা তুলে ধরেন ।

মতবিনিময় সভায় রাজশাহী ব্যাটালিয়ন কমান্ডার শাহ্জাহান সিরাজ সহ বিভিন্ন পর্যায়ের বিজিবির কর্মকর্তা উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন